
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে একটি কুমির। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার গোপালপুর চর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলে স্বপন ব্যাপারীর (৪৮) হাজারি বড়শিতে কুমিরটি আটকে পড়ে। তাঁর দুই ছেলেসহ মোট পাঁচজনের সহায়তায় কুমিরটি উদ্ধার করে নদীর পাড়ে আনা হয়। তাঁদের সবার বাড়ি উপজেলার চর সালেপুর এলাকায়। পরে সকাল আটটার দিকে কুমিরটি চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাটে আনা হয়।
স্বপন ব্যাপারী বলেন, তিনি প্রতিদিন পদ্মা নদীতে বড় মাছ শিকারের জন্য হাজারি বড়শি পাতেন। গতকাল রোববার রাতেও তিনি গোপালপুর চর এলাকায় বড়শি পেতেছিলেন। আজ সকালে গিয়ে তিনি দেখতে পান একটি কুমির বড়শি ও সুতোয় আটকা পড়ে আছে। কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক সাত ফুট ও ওজন প্রায় দেড় মণ হবে।
স্বপন ব্যাপারী আরও বলেন, ‘আমি জানি কুমির মারা অপরাধ। এ জন্য আমি আমার দুই ছেলে ও অন্যদের সহায়তায় নদী থেকে উঠিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তরের জন্য কাজীবাড়ির ঘাটে নিয়ে আসি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কুমিরটি কাজীবাড়ির ঘাট এলাকায় পানিতে বেঁধে রাখা হয়েছে। খুলনা থেকে আসা উদ্ধার টিমের হাতে কুমিরটি বুঝিয়ে দেওয়া হবে। কেউ যেন কুমিরটির ক্ষতি করতে না পারে, সে জন্য এলাকায় পুলিশের পাহারা বসানো হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন প্রথম আলোকে বলেন, কুমিরটির প্রকৃতপক্ষে কতটুকু দৈর্ঘ্য, প্রস্থ ও ওজন; তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটি বর্তমানে পানিতে বাঁধা অবস্থায় রয়েছে। এটি বিপন্নপ্রায় মিঠাপানির কুমির।
কুমির উদ্ধারে খুলনা থেকে আসছেন বন্যপ্রাণি ও জীববৈচিত্র কর্মকর্তা তন্ময় সরকার। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে তিনি আটক কুমিরটি পর্যবেক্ষণ করবেন। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন কুমিরটি খুলনায় নাকি করমজল কোথায় নিয়ে যাওয়া হবে।