সিলেটে বিএনপির গণ-অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

বিএনপির দলীয় লোগো
বিএনপির দলীয় লোগো

বুধবার সিলেটের বিএনপির গণ-অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে। সিলেট নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্থান পরিবর্তন করে রেজিস্টারি মাঠে গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে। আজ মঙ্গলবার সকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথসভার পর অনিবার্য কারণে গণ-অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তনের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল,  তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সিলেট রেজিস্টারি মাঠে গণ-অবস্থান কর্মসূচি পালন করবে সিলেট বিভাগ বিএনপি। অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

যৌথ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকি। সভায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের বেপরোয়া লুটপাট আর দুর্নীতির ফলে দেশ আজ গভীর সংকটে। দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য বিএনপি ১০ দফা আন্দোলন কর্মসূচি ও রাষ্ট্রকাঠামোকে মেরামত করার জন্য ২৭ দফা রূপরেখা ঘোষণা করেছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল সারা দেশের মতো সিলেটেও বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচি পালিত হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্ত করতে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গণ-অবস্থান কর্মসূচি সফল করতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

সভায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান, জিয়াউল গনি আরেফিন, নজিবুর রহমান, সালেহ আহমদ মাহবুব কাদি, রোকশানা বেগম, সিলেট জেলা বিএনপির নেতা হাসান আহমদ পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির নেতা ফখরুল ইসলাম ফারুক, মুহিউস সুন্নাহ চৌধুরী, বদরুল ইসলাম, আবু তাহের, সাঈদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মোর্শেদ, জেলা বিএনপির নেতা আল আসলাম মুনিম প্রমুখ।