
মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে পাচার হচ্ছিল আইস ও ইয়াবা বড়ির একটি চালান। কক্সবাজারের টেকনাফে বিজিবির বাধার মুখে পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৬ কোটি ৮৫ লাখ টাকার মূল্যের ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আজ শনিবার ভোররাত চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারের পেছনে লবণের মাঠ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
প্রথম আলোকে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
বিজিবি সূত্রে জানা যায়, আজ ভোররাতে ওই লবণের মাঠ এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের তথ্য পায় বিজিবি। ওই সময় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। তারা বিষয়টি জানার পর নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে মিয়ানমার থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুজন লোককে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাঁদের থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুজন লোক একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরে পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালালে সেটির ভেতর থেকে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজারটি ইয়াবা বড়ি পাওয়া যায়।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, তাঁরা পাচারকারীদের আটক করতে না পারলেও মাদকের চালানটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি ৮৫ লাখ টাকা। এসব মাদকদ্রব্য বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে জমা রাখা হয়। পরে আইনগত কার্যক্রম শেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই সব মাদক ধ্বংস করা হবে।