মাগুরায় নাশকতার মামলায় গ্রেপ্তারের দেড় মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্যসচিব আকতার হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগুরা জেলা কারাগার থেকে তাঁরা মুক্তি পান। এর আগে দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
জেলা বিএনপির নেতারা জানান, গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে এই দুই নেতাকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে। পরদিন এক ছাত্রলীগ নেতার করা নাশকতার মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিন বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল।
জেলা বিএনপির নেতারা জানান, গত ২৭ আগস্ট শহরের ভায়না মোড়ে বিএনপির দলীয় কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এতে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ সময় বিএনপির নেতা-কর্মীদের একাধিক মোটরসাইকেল, দলীয় কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন হামলাকারী ব্যক্তিরা। এ ঘটনার পরদিন ২৮ আগস্ট মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা (২৩) উল্টো বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বিএনপির ৩৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আলী আহমেদ ও আকতার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী রোকোনুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ নেতার করা ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় ৯ জানুয়ারি শ্রীপুর থানায় (গত ৬ ডিসেম্বর মামলা হয়) এক আওয়ামী লীগ নেতার বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ওই দুই নেতাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। বৃহস্পতিবার দুটি মামলাতেই তাঁদের জামিন দেওয়া হয়েছে।
রোকোনুজ্জামান খান বলেন, ‘যে মামলায় দলের শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়, সেটা পুরো একটা মিথ্যা ঘটনা। আমাদের সমাবেশে হামলা হয়েছে, আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে, আমাদের নেতা-কর্মীদের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। যারা হামলা করেছে, তারাই আবার মামলা দিয়েছে।’ তিনি বলেন, শ্রীপুরের যে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটা একটা ‘গায়েবি মামলা’। তা ছাড়া মামলায় যেদিন ঘটনা ঘটেছে বলে বর্ণনা দেওয়া হয়েছে, সেদিন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ সৌদি আরবে হজে ছিলেন।