খুলনার সমাবেশ নিয়ে যশোর বিএনপির জনসংযোগ শুরু

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে যশোরে বিএনপির নেতা–কর্মীরা জনসংযোগ শুরু করেছেন
ছবি: প্রথম আলো

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে যশোরে বিএনপির নেতা–কর্মীরা জনসংযোগ শুরু করেছেন। আজ রোববার দুপুরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের নেতৃত্বে যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে এই জনসংযোগ শুরু হয়। পরে যশোর-বেনাপোল মহাসড়ক, স্থানীয় বাজারে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা জনসংযোগ করেন।

এ সময় অনিন্দ্য ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এ দেশের সিংহভাগ মানুষের জীবন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে দুর্বিসহ হয়ে উঠেছে। মানুষকে আমরা জানাতে এসেছি, তাদের এই কষ্ট লাঘবের জন্য বিএনপি রাজপথে এসেছে। জনগণের কষ্ট লাঘবের জন্য রাজপথে নেমে বিএনপির অনেক নেতা–কর্মী ইতিমধ্যে কারাভোগ করেছেন। অনেকে আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলার শিকার হয়েছেন।’

জনসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, শহর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এহসানুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।