কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ সকালে চট্টগ্রাম বন্দরে
কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ সকালে চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের প্রধান দুটি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। গ্র্যাচুইটিসহ আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে আজ মঙ্গলবার সকাল আটটায় প্রথম পালা থেকে টার্মিনাল দুটির এই কার্যক্রম বন্ধ করে দেন তাঁরা।

যে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ রয়েছে, সেগুলো হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)। গত অর্থবছরে বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশ এই টার্মিনাল দুটিতে ওঠানো-নামানো হয়।

বন্দর সূত্রে জানা গেছে, কাগজে–কলমে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। তবে মূল পরিচালন কার্যক্রম করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। সিসিটি পরিচালনা কার্যক্রম করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

এই দুই টার্মিনালের মধ্যে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তরের কথা রয়েছে। আবার সিসিটিও সাইফ পাওয়ারটেকের হাত থেকে বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে এক হাজার নিয়মিত শ্রমিক–কর্মচারীর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

একজন শ্রমিক জানান, এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে কর্মরত শ্রমিকেরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ নানা আর্থিক সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। আর্থিক সুবিধা না পেয়ে তাঁরা আজ সকাল থেকে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের কর্মসূচির কারণে টার্মিনালে ছয়টি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ রয়েছে। একইভাবে টার্মিনালের কার্যক্রমেও অচলাবস্থা চলছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি। বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি। জানতে চাইলে বন্দরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই কাজ শুরু হওয়ার কথা রয়েছে।