চট্টগ্রাম নগরে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তাঁর নাম আবু সাঈদ ওরফে রানা। তিনি নগরের বন্দর থানায় কর্মরত। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রাতে এলাকাটিতে ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। খবর পেয়ে সেখানে অভিযানে যান এসআই আবু সাঈদসহ কয়েকজন পুলিশ সদস্য। সেখানে এসআই আবু সাঈদের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার ঘটনা ঘটে।
জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ সংগঠনের লোকজন রাতে ঝটিকা মিছিল বের করায় তাঁদের ধরতে পুলিশ অভিযানে গিয়েছিল। সেখানে এক এসআইকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চট্টগ্রাম নগরের বন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে রয়েছেন আফতাব উদ্দিন। তিন দিন আগে থানাটিতে ওসি হিসেবে যোগ দিয়েছেন তিনি। আফতাব উদ্দিন বলেন, ‘আসামি ধরতে গিয়ে এক এসআই আহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।’