বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দ্বীপ মজুমদারের পরিচয়পত্র
ছবি: সংগৃহীত

রাজধানীর বছিলায় বুড়িগঙ্গা নদীর সেতুর নিচ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহ দ্বীপ মজুমদারের। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

আজ রোববার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, বুড়িগঙ্গা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই মরদেহের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পাওয়া গিয়েছিল। তবে লাশের আকার বিকৃত হয়ে যাওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কিন্তু রাত ৯টার দিকে নিহত ব্যক্তির বন্ধুরা ও পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেছেন।

দ্বীপ মজুমদার

এর আগে বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেসবুক গ্রুপে ‘জাবির সকল সংবাদ’–এ এক ব্যক্তি পোস্ট করেন যে বুড়িগঙ্গা নদীতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই মরদেহের কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পাওয়া গেছে, পরিচয়পত্রটিও পোস্ট করেন তিনি। এরপর বিষয়টি নিয়ে ঢাকা নৌ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা লাশ উদ্ধারের বিষয়টি জানায়। তবে উদ্ধার করা পরিচয়পত্র ও লাশ একই ব্যক্তির কি না, সেটি নিশ্চিত করতে পারেনি তারা। পরে নিহত ব্যক্তির স্বজনেরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ‘আমরা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করি। লাশের পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড পাওয়া যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে লাশটি দু-তিন দিন আগের, অর্ধগলিত লাশ। ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে লাশটি পাঠানো হয়েছে। বাকি তথ্য তারপর জানা যাবে।’