বগুড়ায় বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা

বগুড়া শহরের কালিতলায় একই সময়ে বিএনপি এবং আওয়ামী লীগ-যুবলীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এরপর সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ
ছবি: প্রথম আলো

বগুড়ায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সমাবেশস্থল এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সমাবেশস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আজ শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

দলীয় সূত্রে জানা যায়, আজ বেলা তিনটায় বগুড়া শহরের কালীতলা হাটে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল স্থানীয় বিএনপির। ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম, ফেনীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মনির হোসেন ও নারায়ণগঞ্জে যুবদলের কর্মী শাওনকে গুলি করে হত্যার প্রতিবাদ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল বগুড়া শহরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি-দলীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজের উপস্থিত থাকার কথা ছিল।

বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, কেন্দ্রঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২৩ আগস্ট থেকে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচির আয়োজন চলছে। ওয়ার্ডভিত্তিক ধারাবাহিক এ কর্মসূচির বিষয়ে ২১ আগস্ট পুলিশ প্রশাসনের কাছে লিখিত চিঠি দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ৩ নম্বর ওয়ার্ডের নির্ধারিত বিক্ষোভ সমাবেশ কালীতলা হাটে অনুষ্ঠিত হবে। কিন্তু প্রস্ততির শেষ মুহূর্তে বিএনপির কর্মসূচি বানচাল করতেই স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ একই স্থানে এবং একই সময়ে প্রতিহিংসামূলকভাবে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে। প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় বিএনপি এ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

একই স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে পাল্টা সমাবেশের ডাক দেয় যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড শাখা। এতে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন উপস্থিত থাকবেন বলে জানানো হয়। বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেন, ‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে আজ শুক্রবার বগুড়া শহরের কালীতলা হাটে যুবলীগের পূর্বনির্ধারিত সমাবেশ ছিল। সমাবেশে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগও সমর্থন দিয়েছিল। কিন্তু নাশকতা-নৈরাজ্যের ছক আঁকতে বিএনপি সেখানে পাল্টা সমাবেশ ডাকলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বিএনপি যত ষড়যন্ত্রই করুক, যুবলীগ পূর্বঘোষিত সমাবেশ সেখানে করবেই।’

একই সময়ে ও একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিতভাবে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনগণের জানমাল, সরকারি সম্পত্তি, ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ও দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।শুক্রবার বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময় সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, লোকসমাগম, বিস্ফোরক দ্রব্য ও লাঠি বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে চারজনের বেশি লোকজনের একত্র চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সব অবৈধ কার্যক্রম বন্ধ থাকবে।

ওই স্থানে অপ্রীতিকর ঘটনা এড়াতে কালীতলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা।