রাতে ‘মনের মানুষকে না পাওয়া’র হতাশা লিখে স্ট্যাটাস, সকালে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘মনের মানুষকে না পাওয়া’র হতাশা থেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর অন্তর রায় (২২) নামের এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

অন্তর রায় আখাউড়া পৌর শহরের রাধানগরের সাহা পাড়ার পল্টু রায়ের ছেলে। তিনি এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্ততি নিচ্ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ প্রথম আলোকে বলেন, অন্তর রায় ছাত্রলীগের রাজনীতি করতেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

স্থানীয় একাধিক তরুণ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দিনগত রাত ১টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হতাশা প্রকাশ একটি স্ট্যাটাস দেন অন্তর। এতে তিনি লেখেন, ‘জীবনটাকে অনেক সুন্দরভাবে গুছাইতে চাইছিলাম। কিন্তু মনের মানুষকে না পাওয়া, ব্যর্থতা, আপন মানুষগুলোর ভুল বোঝা, চাপা, নিজের সম্মানে দাগ লাগা সব মিলিয়ে আমি আর টিকে থাকতে পারলাম না। মা-বাবা, বন্ধু-বান্ধব, প্রিয় মানুষ, ভাই-বোন, আত্মীয়–স্বজন, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন। এই পৃথিবী আমাকে বাঁচতে দিল না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

পরিবারের সদস্যরা বলেন, গতকাল রাতের খাবার শেষে নিজ রুমের দরজা বন্ধ করে ঘুমাতে যান অন্তর। আজ সকাল আটটার দিকে ঘুম থেকে জাগাতে তাঁকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দরজায় ধাক্কা দিতে থাকেন তাঁরা। এতে দরজা খুলে গেলে অন্তরকে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণ প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন।