
ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশের একটি বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে কাত হয়ে পড়ে।
আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের বাসটি কাজীর শিমলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মাহিন্দ্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর সামনে থাকা ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। পরে বাসটি সড়কের পাশের প্যাসিফিক আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে কাত হয়ে পড়ে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় মাহিন্দ্রায় থাকা দুই পুরুষ যাত্রী গুরুতর আহত হন। তাঁদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন নারী ও এক পুরুষ যাত্রী গুরুতর আহত হন। এ ছাড়া দুটি মাহিন্দ্রার চালক, সিএনজির চালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসের চালক পালিয়ে গেছেন। চালক ও তাঁর সহকারীর বর্তমান অবস্থান সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
ত্রিশাল থানার এএসআই আবদুল হালিম বলেন, দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন রেকার দিয়ে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।