
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে ১০ বছর বয়সী দুই শিশুর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল মঙ্গলবার গভীর রাতে মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনের দিঘি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ও ঢাকার একটি মাদ্রাসার ছাত্র আরাফাত মল্লিক (১০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে ও বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আকাশ (১০)।
মৃত আকাশের চাচা মো. মাসুদ বলেন, আকাশ তাঁদের সঙ্গে বরিশাল নগরের বান্দরোডের চরের বাড়ি এলাকায় থাকত। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়, এরপর রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে আকাশের মরদেহ উদ্ধারের খবর পান।
অপরদিকে আরাফাত মল্লিকের মামা মো. সুরুজ বলেন, আরাফাত বাবা–মায়ের সঙ্গে ঢাকায় থাকত। কোরবানির ঈদ উপলক্ষে গত সোমবার ঢাকা থেকে বরিশাল নগরের বান্দরোডে চরের বাড়ি এলাকায় তাঁর (মামা) বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তার বন্ধু আকাশের ডাকে বাসা থেকে বের হয় আরাফাত। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারেন দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের দিঘিতে গেছে। এরপর সেই দিঘি থেকেই তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়।
বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজের দিঘির ঘাটে আসেন তাঁরা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্বজনেরা লাশ বুঝে নিয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, গোসলে নেমে পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তাঁদের ধারণা।