ছবি দেখিয়ে নজরুল ইসলামের খোঁজ চাইছেন অটোরিকশাচালক বাবা গিয়াস উদ্দিন বেপারী। আজ বুধবার বেলা ১১টার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কলেজগেট এলাকায়
ছবি দেখিয়ে নজরুল ইসলামের খোঁজ চাইছেন অটোরিকশাচালক বাবা গিয়াস উদ্দিন বেপারী। আজ বুধবার বেলা ১১টার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কলেজগেট এলাকায়

নয় বছর ধরে ছেলে নিখোঁজ, ছবি ও এনআইডি হাতে পথে পথে খুঁজছেন বাবা

২০১৭ সালে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন নজরুল ইসলাম ওরফে বাবু (২৯)। এরপর আর বাড়িতে ফেরেননি। ঢাকায় গিয়েছিলেন কি না, সেটিও জানেন না স্বজনেরা। তখন থেকে বন্ধ তাঁর মুঠোফোন নম্বরও। প্রায় নয় বছর ধরে ছেলের ছবি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে তাঁকে খুঁজছেন বাবা গিয়াস উদ্দিন বেপারী।

গিয়াস উদ্দিন বেপারীর (৬৫) বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও এলাকায়। তাঁর ছেলে নজরুল ইসলামের প্রায় নয় বছর ধরে কোনো সন্ধান নেই। এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন নজরুল। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে মতলব দক্ষিণ উপজেলার কলেজগেট এলাকায় দেখা যায় গিয়াস উদ্দিনকে। নিজের অটোরিকশা থামিয়ে ছেলের রঙিন ছবি ও এনআইডি হাতে স্থানীয় লোকজনকে দেখাচ্ছিলেন। কেউ তাঁর ছেলেকে দেখেছেন কি না বা তাঁর সম্পর্কে কিছু জানেন কি না, জানতে চাইছিলেন পথচারীদের কাছে।

অটোরিকশা থেকে নেমে কিছু দূর হেঁটেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ছেলের ছবি দেখান গিয়াস উদ্দিন। কেউ কোনো তথ্য দিতে না পারায় একপর্যায়ে চোখের পানি মুছতে দেখা যায় তাঁকে।

নজরুল ইসলাম

গিয়াস উদ্দিন বলেন, ‘ছেলেরে মনে অইলে বুকটা জ্বইলা উডে। কত জায়গায় কতবার ছেলেরে খুঁজতাছি। ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুরসহ অনেক জায়গায় হাঁইটা, অটো চালাইয়া তাঁরে খুঁজছি। পাইতাছি না।’ জানালেন, এই ছেলের আয়েই সংসার চলত। এখন বাধ্য হয়ে তিনি বৃদ্ধ বয়সে অটো চালাচ্ছেন। ছেলের চিন্তায় তাঁর স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার প্রায় ১০ দিন পর তাঁর বাবা মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়।

এক পথচারীকে ছেলের ছবি ও এনআইডি দেখাচ্ছেন গিয়াস উদ্দিন

নজরুল ইসলামকে খুঁজে পেতে ফেসবুক ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছবিসহ প্রচার চালানো হয়েছে বলে জানান তাঁর চাচা মো. সিয়াম। তিনি বলেন, তবু তাঁর ভাতিজার সন্ধান মেলেনি। এ ঘটনায় গোটা পরিবার চরম দুশ্চিন্তায় আছে।

এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, জিডির বিষয়টি খতিয়ে দেখা হবে। নজরুল ইসলামকে খুঁজে বের করার চেষ্টা করা হবে।