আখাউড়া স্থলবন্দর দিয়ে আরও ৭০০ টন গম এল বাংলাদেশে

আখাউড়া স্থলবন্দর
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আরও ৭০০ টন গম বাংলাদেশে এসেছে। গতকাল বুধবার এই চালান বন্দরে এসে পৌঁছেছে। এ নিয়ে এই বন্দর দিয়ে গত ২০ দিনে ভারতীয় ২ হাজার ৪৯০ টন গম এল বাংলাদেশে। আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আখাউড়া বন্দর সূত্রে জানা গেছে, এই গমগুলো ভারত থেকে আমদানি করেছেন ঢাকা সাভারের ইসলাম অ্যাগ্রোভেট লিমিটেড। শুল্কমুক্ত সুবিধায় আমদানিকারক প্রতিষ্ঠান প্রতি টন গম ৩৭০ মার্কিন ডলার মূল্য দিয়ে ভারত থেকে কিনেছে। আমদানি করা গম কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে ছিল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ।

গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে ২ হাজার ৫০০ টন আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম অ্যাগ্রোভেট লিমিটেড।

মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক বলেন, ‘ভারতীয় ১১৫টি ট্রাকে করে গত ১৯ আগস্ট থেকে এ পর্যন্ত চারটি চালানে বন্দরে ২ হাজার ৪৯০ মেট্রিক টন গম এসেছে। আজ দুপুর নাগাদ আমাদের আগের তিনটি চালানের গম খালাসের কার্যক্রম পুরোপুরি শেষ হয়ে যাবে। দেশের মাটিতে গমের প্রচুর চাহিদা থাকায় আমদানি করা হচ্ছে।’ তিনি আরও জানান, গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে ২ হাজার ৫০০ টন আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম অ্যাগ্রোভেট লিমিটেড।