জামিনে বেরিয়ে আদালতের বারান্দায় স্বামীসহ বাদীকে মারধরের অভিযোগ

ঝালকাঠি জেলার মানচিত্র
ঝালকাঠি জেলার মানচিত্র

ঝালকাঠিতে আদালতের বারান্দায় বিচারপ্রার্থী এক নারী ও তাঁর স্বামীকে মারধর করার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আহত স্বামী–স্ত্রী হলেন সদর উপজেলার বারৈগাতী গ্রামের মো. আলমগীর হোসেন (৬০) ও তাঁর স্ত্রী মামলার বাদী হেলেনা বেগম (৪৫)। একই গ্রামের জামাল মোল্লা ও তাঁর সঙ্গীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা।

জামাল মোল্লার সঙ্গে জমিজমা নিয়ে পূর্ববিরোধ রয়েছে আলমগীর হোসেনের। তিনি প্রথম আলোকে বলেন, আসামিরা জামিন নিয়ে বেরিয়ে আদালতের বারান্দায় এসে তাঁদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা কিল–ঘুষি মেরে তাঁদের আহত করেন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন জামাল মোল্লা। তিনি প্রথম আলোকে বলেন, ‘তাঁরা মিথ্যা মামলা দিয়েছেন। এখন আবার মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করছেন।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।