সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) বিজয়ী প্রার্থী বিএনপির মো. নাছির চৌধুরী ও নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) বিজয়ী প্রার্থী বিএনপির মো. নাছির চৌধুরী ও নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির

সুনামগঞ্জে জামায়াতের শিশির মনিরকে হারিয়ে জয়ী বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী

সুনামগঞ্জের প্রবীণ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাছির চৌধুরী (৭৫) জয়ী হয়েছেন। সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে পরাজিত করে জয়ী হন তিনি।

মো. নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নাছির চৌধুরী শারীরিকভাবে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। দলীয় মনোনয়ন ঘোষণার পর ২৬ নভেম্বর দিরাই এসে প্রথম সমাবেশ করেন তিনি। সেখানে নাছির চৌধুরী এটিকে তাঁর ‘জীবনের শেষ নির্বাচন’ উল্লেখ করে সবার সহযোগিতা চান। গত বুধবার রাতেও একটি ভিডিও বার্তায় ভোটারদের প্রতি একই আহ্বান জানান তিনি।

নাছির চৌধুরী এর আগে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচন এবং দুবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একবার সংসদ সদস্য ও দুবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে তিনি সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী মো. নাছির চৌধুরীর বাসায় গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শিশির মনির। এ সময় একে-অপরকে মিষ্টি খাওয়ান তাঁরা। আজ শুক্রবার দুপুরে দিরাই শহরের দাউদপুর এলাকায়

এখানে শুরু থেকেই জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির মনির (৪৪) ছিলেন আলোচনায়। তিনি বলেছিলেন, তিনি প্রার্থী হওয়ার কারণেই এই আসনটি দেশে-বিদেশে আলোচিত। প্রার্থীর কারণেই আসনটি জাতীয়ভাবে গুরুত্ব পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে মোহাম্মদ শিশির মনির তাঁর ফেসবুকে মো. নাছির চৌধুরী অভিনন্দন জানান। তিনি লিখেছেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’

এরপর আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দিরাই পৌর শহরের দাউদপুর এলাকায় নাছির চৌধুরীর বাসায় যান শিশির মনির। তিনি ফুল দিয়ে তাঁকে অভিনন্দন জানান। এ সময় নাছির চৌধুরী ও শিশির মনির একে অপরকে মিষ্টি খাওয়ান।

ভোটের মাঠে একদিকে প্রবীণ নাছির চৌধুরীর ‘শেষ নির্বাচনের’ আহ্বান, অন্যদিকে নবীন শিশির মনিরের প্রচারণা-বক্তৃতায় ঐক্যবদ্ধ দিরাই-শাল্লা গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে বেশ সরব আলোচনা ছিলেন। দুই প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকদের বাগ্‌যুদ্ধ হয়েছে সভা-সমাবেশে। মোহাম্মদ শিশির মনির মাঠে যেমন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে সমানতালে সরব ছিলেন। অনেকেই মনে করেছিলেন, এখানে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে তুমুল লড়াই হবে। কিন্তু শেষমেশ বিপুল ভোটে জয়ী হন নাছির চৌধুরী।