ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২, আহত ১

ট্রাকচাপায় নিহত ছাত্রদল নেতা ইলিয়াস সানি ইউসুফ (বাঁয়ে) ও মো. আলমগীর হোসেন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় এক ছাত্রদল নেতাসহ মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই মোটরসাইকেলের আরোহী আরও এক তরুণ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরোচাটি গ্রামে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চরহোসেনপুর গ্রামের ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও মো. আলমগীর হোসেন (২৫)। ইলিয়াস উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আহত তরুণের নাম মো. নাইম ইসলাম (২৬)।

গুরুতর আহত নাইম ইসলামের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলের তিন আরোহীর দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। দুর্ঘটনার পর প্রচুর লোকজন সড়কে জড়ো হতে শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুজন মারা গেছেন বলে তিনি নিশ্চিত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।