যশোরে নৈশপ্রহরীকে হত্যা করে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি

অপরাধ
প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছা শহরে নৈশপ্রহরীকে হত্যা করে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রোববার ভোররাতে ঝিকরগাছা বাজারের রাজাপট্টিতে এ ঘটনা ঘটেছে।

নিহত নৈশপ্রহরী আবদুস সামাদের (৭০) বাড়ি ঝিকরগাছা উপজেলার বেড়েলা গ্রামে।

ঝিকরগাছা থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, আজ ভোররাতে ঝিকরগাছা শহরের রাজাপট্টি এলাকায় পিকআপভ্যান নিয়ে হানা দেয় একদল ডাকাত। ৮-১০ জন ডাকাত অস্ত্রের মুখে বাজার পাহারায় নিয়োজিত চার নৈশপ্রহরীর হাত, পা ও মুখ গামছা ও স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে। এ সময় ডাকাতদের আঘাত ও শ্বাসরোধের কারণে নৈশপ্রহরী সামাদের মৃত্যু হয়। এরপর ডাকাত দল ঝিকরগাছা অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের তালা কেটে ডাকাতি করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নৈশপ্রহরী সামাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সামাদের কপালে আঘাতের চিহ্ন ছিল।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, ডাকাত দলে চারজন ছিল। ডাকাত দল নৈশপ্রহরীদের বেঁধে একটি দোকান থেকে আড়াই লাখ টাকা মূল্যের ২৩টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় হত্যা ও ডাকাতি মামলা করার প্রক্রিয়া চলছে। ডাকাতদের কেউ এখনো আটক হয়নি। আসামিদের আটকের জন্য র‍্যাব, পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান চলছে।’