সিলেটের গোলাপগঞ্জের রণকেলিতে গণসংযোগ করেন সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী। গতকাল বুধবার
সিলেটের গোলাপগঞ্জের রণকেলিতে গণসংযোগ করেন সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী। গতকাল বুধবার

সিলেট-৬ আসন

জামায়াত প্রার্থীর বক্তব্যের বিষয়ে বিএনপি প্রার্থীর প্রশ্ন, ‘তাইন কিতা স্বরাষ্ট্রমন্ত্রীনি?’

সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে তাঁকে না জানিয়ে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না বলে মন্তব্য করেছিলেন আসনটির ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এমন বক্তব্যের এক দিন পর এবার আসনটির বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী প্রশ্ন রাখেন, ‘তাইন কিতা স্বরাষ্ট্রমন্ত্রীনি?’

গতকাল বুধবার সকালে গোলাপগঞ্জ উপজেলার রণকেলি এলাকায় গণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর দেওয়া এক বক্তব্যের বিষয়ে এমন প্রশ্ন রেখেছেন। তিনি বলেন, ‘আফনারা কাইল দেখছইন, একজন প্রার্থীয়ে কইছইন (বলেছেন), তান নির্দেশ ছাড়া পুলিশ চলত পারত নায়। হুনছইননি? (শুনেছেন?) তার মানে কিতা, তাইন স্বরাষ্ট্রমন্ত্রীনি?’

বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী এরপর বলেন, ‘সুতরাং বুঝছইন তো, এরা যদি পাস করে, আমাদের নেতা-কর্মী কেউ বাড়িঘরে থাকতায় পারতায় না। এই জিনিস বুঝিয়া আজকে থাকি ঘরে ঘরে যাওয়া শুরু করতে অইব (হবে)। ধানের শীষ ছাড়া আর কোনো বিকল্প নাই, চিন্তা নাই।’

এর আগে গত মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে আয়োজিত এক সভায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘ইনশা আল্লাহ আমি যদি নির্বাচিত হই, এই দুই উপজেলায় (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারও বাড়িতে যেতে পারবে না। তাদের যথেষ্ট প্রমাণ দিতে হবে। যাঁর বাড়িতে যাচ্ছে, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, এই প্রমাণ না দেখিয়ে কোনো দারোগা সাহেব তাঁর বাড়িতে যাবে না। আমি ফাইনাল কথা বলে দিলাম।’

জামায়াত নেতা সেলিম উদ্দিন তাঁর বক্তব্যে নির্বাচিত হলে আধুনিক ও নিরাপদ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার গড়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, ‘আমরা সিলেটের মানুষেরা, আত্মসম্মানবোধ আমাদের রয়েছে। কারও বাড়িতে পুলিশ যাওয়া মানে তাঁর চৌদ্দ পুরুষের, তাঁর বংশের কপালে তিলক লাগানোর নামান্তর। অথচ যখন-তখন কিছু থানার দালালেরা দারোগা সাহেবদের ব্যবহার করে পুলিশকে পাঠায় এবং মামলার নামে বাণিজ্য করে।’

এদিকে গতকাল সকালে এমরান আহমদ চৌধুরীর গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদ হোসেন টিপু, নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু তাহের প্রমুখ।
আসনটিতে এমরান আহমদ চৌধুরী ও মোহাম্মদ সেলিম উদ্দিন ছাড়া আরও তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর, গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান ও স্বতন্ত্র ফখরুল ইসলাম।