ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে বরিশালে ৯০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত

বরিশাল জেলার মানচিত্র
বরিশাল জেলার মানচিত্র

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল জেলায় ৩ হাজার ১৪১টি ঘর আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ঝড়ে এ জেলার ৮৭টি ইউনিয়নের ৯০ হাজার ৬২১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসন জানায়, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে ২ হাজার ৫০৮টি আংশিক ও ৬৩৩টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপজেলাভিত্তিক প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে বরিশালের জেলা প্রশাসন। এর মধ্যে বরিশালের আগৈলঝাড়ায় দুর্যোগকবলিত ইউনিয়নের সংখ্যা ৫টি, দুর্গত মানুষের সংখ্যা ১ হাজার। বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ৩০টি ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৫টি।

গৌরনদী উপজেলায় দুর্যোগকবলিত ইউনিয়নের সংখ্যা ৮। এসব ইউনিয়নে দুর্গত মানুষের সংখ্যা ১ হাজার ৫০০। বিধ্বস্ত ঘর বাড়ির মধ্যে আংশিক ১০০টি ও ১৫টি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

উজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা ১০। এসব ইউনিয়নে দুর্গত মানুষের সংখ্যা ১ হাজার ২০০। এসব ইউনিয়ন ১৫০টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।

বানারীপাড়ায় দুর্যোগকবলিত ইউনিয়নের সংখ্যা ৯। এসব ইউনিয়নে দুর্গত মানুষের সংখ্যা ৭০০। বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ১০০টি।

বাবুগঞ্জে  দুর্যোগকবলিত ইউনিয়নের সংখ্যা ৬। এসব ইউনিয়নে দুর্গত মানুষের সংখ্যা ১ হাজার ৩০০। বিধস্ত ঘরবাড়ির মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ৯৫টি ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ১৩টি। মুলাদীতে দুর্যোগকবলিত ইউনিয়নের সংখ্যা ৭। এসব ইউনিয়নে দুর্গত মানুষের সংখ্যা ১ হাজার ২০০। বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ৫০টি ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ১০টি। হিজলায় দুর্যোগকবলিত ইউনিয়নের সংখ্যা ৬। এসব এলাকায় দুর্গত মানুষের সংখ্যা ১ হাজার ৪০০। বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ১ হাজার ৭০০টি ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৫০০টি।

মেহেন্দীগঞ্জ উপজেলায় দুর্যোগকবলিত ইউনিয়নের সংখ্যা ১৬। দুর্গত মানুষের সংখ্যা ১৯ হাজার ৮২১। বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ১০৯টি ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ২৩টি। বরিশাল সদর ও মহানগরে দুর্যোগকবলিত ইউনিয়নের সংখ্যা ৫। এসব ইউনিয়নে দুর্গত মানুষের সংখ্যা ১ হাজার ৫০০। বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে ৫০টি আংশিক ও ১০টি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

অপর দিকে বাকেরগঞ্জ উপজেলায় দুর্যোগকবলিত ইউনিয়নের সংখ্যা ১৫। এসব এলাকায় দুর্গত মানুষের সংখ্যা ৬১ হাজার। বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ১২৪টি ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৫৭টি।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ঘূর্ণিঝড়ে জেলার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাথমিক তালিকা করা হয়েছে। এ তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ ও তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।