
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকা থেকে আজ সোমবার দ্বিতীয় ধাপে শূন্যরেখার আরও ৫৩ পরিবারের ২৭৩ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ায় সরিয়ে আনা হয়েছে। তাদের উখিয়ার বালুখালী ট্রানজিট কেন্দ্রে রেখে নিবন্ধন কার্ডসহ প্রয়োজনীয় তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে। এরপর তাদের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।
গতকাল রোববার প্রথম দফায় তুমব্রু থেকে ৩৬ পরিবারের ১৮৪ রোহিঙ্গাকে একই ট্রানজিট কেন্দ্রে সরিয়ে আনা হয়েছিল। তথ্য যাচাইয়ের পর রাতে উখিয়ার কয়েকটি আশ্রয়শিবিরে স্থানান্তর করা হয় তাদের। মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত শূন্যরেখার এসব রোহিঙ্গা আশ্রয়শিবিরে অবস্থান করবে।
তুমব্রু থেকে শূন্যরেখার রোহিঙ্গাদের ট্রানজিট কেন্দ্রে এনে যাচাই-বাছাইসহ উখিয়ার আশ্রয়শিবিরে স্থানান্তরের কার্যক্রম পরিচালনা করছেন যৌথভাবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় ও জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গতকাল রোববার প্রথম দফায় তুমব্রু থেকে ৩৬ পরিবারের ১৮৪ জনকে শূন্যরেখার রোহিঙ্গাকে উখিয়ার বালুখালীর ট্রানজিট কেন্দ্রে আনা হয়েছিল। আজ সোমবার দ্বিতীয় ধাপে আনা হয়েছে ৫৩ পরিবারের আরও ২৭৩ জনকে। এভাবে ধাপে ধাপে তুমব্রু সীমান্তে অবস্থানরত সব রোহিঙ্গাকে ট্রানজিট কেন্দ্রে সরিয়ে আনা হবে। তুমব্রুতে কোনো রোহিঙ্গা আশ্রয়শিবির রাখা হবে না।
তুমব্রু থেকে উখিয়া বালুখালী ট্রানজিট কেন্দ্রের দূরত্ব প্রায় চার কিলোমিটার। গত ২৯ ও ৩০ জানুয়ারি ঘুমধুম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের নেতৃত্বে গঠিত কমিটি তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের কয়েকটি এলাকায় অবস্থান নেওয়া শূন্যরেখার রোহিঙ্গাদের গণনা করে ৫৫৮ পরিবারের ২ হাজার ৯৭০ রোহিঙ্গার তথ্য পায়। এর মধ্যে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা ৩৭৭ পরিবারের ২ হাজার ৯৮ জন। অবশিষ্ট ১৭৯ পরিবারের ৮৭২ রোহিঙ্গার নিবন্ধন কার্ড পাওয়া যায়নি।
চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, প্রথম ধাপে নিবন্ধিত ৩৭৭ পরিবারের ২ হাজার ৯৮ জন থেকে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। গত ২ দিনে ৮৯ পরিবারের ৪৫৭ রোহিঙ্গাকে উখিয়ার আশ্রয়শিবিরে স্থানান্তর করা সম্ভব হয়েছে। নিবন্ধিত আরও ১ হাজার ৬৪১ জনকে উখিয়ার ট্রানজিট কেন্দ্রে স্থানান্তরের পর অনিবন্ধিত রোহিঙ্গাদের তুমব্রু থেকে স্থানান্তরের কাজ শুরু হবে। তত দিন শূন্যরেখার রোহিঙ্গারা তুমব্রু এলাকায় অবস্থান করবে।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, ১৮ জানুয়ারি শূন্যরেখা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে মিয়ানমারের আরেকটি সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন রোহিঙ্গা নিহত ও দুই শিশু আহত হয়। এ ঘটনার পর শূন্যরেখার আশ্রয়শিবিরে ৬৩০টির বেশি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তাতে ৪ হাজার ৩০০ রোহিঙ্গা গৃহহীন হয়ে বাংলাদেশ ভূখণ্ডে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয় নেয়। ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিন গণনা করে ২ হাজার ৯৭০ রোহিঙ্গা পাওয়া গেলেও অবশিষ্ট ১ হাজার ৩৩০ রোহিঙ্গার হদিস মিলছে না।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, তুমব্রু সীমান্তে অবস্থান নেওয়া শূন্যরেখার রোহিঙ্গাদের অনেকেই হত্যা, মাদক ও অস্ত্র মামলার আসামি। তাঁদের ধরতে মাঠে নেমেছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বর্তমানে উখিয়া ও টেকনাফে ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পর কয়েক মাসে, দেশটির সেনাবাহিনীর নির্যাতনের মুখে। ওই সময় স্থলপথে ছয় হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে তুমব্রু সীমান্তের কোনারপাড়ায় শূন্যরেখার আশ্রয়শিবিরটি গড়েছিল। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, ১৭ জানুয়ারি পর্যন্ত শূন্যরেখার আশ্রয়শিবিরে ছিল ৬২১টি পরিবারের ৪ হাজার ৩০০ রোহিঙ্গা।