ময়মনসিংহে বাতব্যথার রোগীদের বিনা মূল্যে চিকিৎসা

এক্স নটর ডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বাত-ব্যথায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ক্যাম্প। গতকাল দুপুরে ময়মনসিংহ নগরের পাগলা বাজার ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহ নগরের পাগলা বাজারে আজ শুক্রবার বাতব্যথায় আক্রান্ত শতাধিক অসহায় ও গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দিয়েছে এক্স নটর ডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইএনডব্লিউএফ) নামের একটি সংগঠন। এ সময় রোগীদের পরামর্শসহ প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা উপকরণ বিনা মূল্যে দেওয়া হয়।

এক্স নটর ডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইএনডব্লিউএফ আজ বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাগলা বাজার এলাকায় ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে বাতব্যথা, ঘাড় ও হাঁটুতে ব্যথায় আক্রান্ত গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা দেওয়ার সময় আশপাশের গ্রাম থেকে বাতব্যথায় আক্রান্ত শতাধিক অসহায় ও গরিব রোগী জড়ো হন। এ সময় ইএনডব্লিউএফের স্বেচ্ছাসেবীরা রোগীদের বিনা মূল্যে পরামর্শ ও চিকিৎসা উপকরণ দেন। এসব চিকিৎসা উপকরণের মধ্যে আছে কোমরব্যথার জন্য করসেট, হাঁটুব্যথার জন্য নি ক্যাপ, ঘাড়ব্যথার জন্য কলার, গরম পানির ব্যাগ এবং ব্যথানাশক ক্রিম। এসব পেয়ে তাঁদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

সেবা পেয়ে অসহায় কয়েকজন রোগী বলেন, এত দিন তাঁরা অঙ্গপ্রত্যঙ্গের ব্যথায় তীব্র কষ্ট পেয়ে আসছিলেন। চিকিৎসা ও চিকিৎসা উপকরণ পেয়ে তাঁরা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গ্রামগঞ্জে হাজার হাজার মানুষ বাতব্যথায় আক্রান্ত। শহরাঞ্চলে এই ধরনের চিকিৎসা থাকলে গ্রামে তেমন চিকিৎসা নেই। তাই এ ধরনের রোগীদের বিনা মূল্যে পরামর্শ ও চিকিৎসা উপকরণ দেওয়ার জন্য ইএনডব্লিউএফের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তাঁরা।

ইএনডব্লিউএফের কর্মকর্তারা এই জনহিতকর কর্মসূচি গ্রামে গ্রামে সবার সহায়তায় অব্যাহত রাখার ঘোষণা দেন।

চিকিৎসাসেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স নটর ডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহসভাপতি দলিলুর রহমান, মহাসচিব মতিয়ার হোসেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সহকারী অধ্যাপক মুহম্মদ আনোয়ার সাদাত, ময়মনসিংহের বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট মাহফুজা আক্তার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. সাহেবুল ইসলাম খান, অতিরিক্ত প্রকৌশলী ইঞ্জিনিয়ার মুহা. এনামুল হক, ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আমিনুল ইসলাম, আবু বকর সিদ্দিক প্রমুখ।