সকাল থেকে বৃষ্টি নেই, তবু পেকুয়ার কিছু এলাকায় বাড়ছে পানি

ছয়ঘন্টার ব্যবধানে পানি বেড়ে গেছে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লাহঘোনা এলাকায়। বুধবার বেলা ১২টায়
ছবি: প্রথম আলো

আজ বুধবার ভোর চারটা থেকে বৃষ্টি নেই। রৌদ্রোজ্জ্বল সকাল। পানিবন্দী মানুষেরা যেন একটু স্বস্তি পেলেন। কক্সবাজারের চকরিয়ার বেশির ভাগ এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। অন্তত দেড় থেকে দুই ফুট পানি কমেছে। তবে পেকুয়ার কিছু স্থানে পানি বাড়ছে। এ কারণে নতুন এলাকা ও বসতঘর প্লাবিত হচ্ছে।

চকরিয়ার কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর এলাকায় গিয়ে দেখা যায়, বসতঘরের প্রায় গলাপর্যন্ত পানি। ঘরবাড়ি ছেড়ে মানুষ উঁচু সড়ক ও আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এখনো জিদ্দাবাজার-কাকারা সড়ক পানিতে ডুবে আছে। মানুষ এক স্থান থেকে অন্য স্থানে নৌকায় চলাচল করছেন। চকরিয়া পৌর শহরেও পানি কমতে শুরু করেছে। অনেকের বসতঘর থেকে পানি নেমে গেছে।

কাকারার বাসিন্দা মো. অহিদুজ্জামান বলেন, ভোর চারটা থেকে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। এখনো বুকসমান পানি রয়েছে বসতঘর ও রাস্তাঘাটে।
জনপ্রতিনিধিরা বলছেন, জলকপাট খুলে দেওয়ায় এবং বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। সাগরে জোয়ার কম থাকায় দ্রুত পানি নামছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, গতকাল বিকেলে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন। চকরিয়ার জন্য জেলা প্রশাসন ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। শুকনা খাবারের পাশাপাশি চাল বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত চকরিয়ায় পাহাড়ধসে দুজন ও পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে পেকুয়া উপজেলার ১০ থেকে ১২টি গ্রাম থেকে পানি কমছে। তবে আরও ১০টি গ্রামে পানি বাড়ছে। যেসব বসতঘরে হাঁটুসমান পানি ছিল, সেসব বসতঘরে বুকসমান পানি হচ্ছে। বিশেষ করে পেকুয়া সদরের গোঁয়াখালী, বকসু চৌকিদারপাড়া, ছিরাদিয়া, বিলহাচুরা, শেখেরকিল্লাহ ঘোনা, সিকদারপাড়া, বাইম্যাখালী, জালিয়াখালী, নন্দীরপাড়া, বাঘগুজারা এলাকায় পানি বাড়ছে।

সড়ক থেকে পানি নামছে। বুধবার বেলা ১১টায় পেকুয়া উপজেলা সড়কের চৌমুহনী এলাকায়

স্থানীয় লোকজন বলছেন, উঁচু স্থান থেকে পানি নিচু স্থানে নেমে আসছে। এ জন্য পানির পরিমাণ বাড়ছে। তবে ছিরাছিয়া ও গোঁয়াখালী এলাকায় বেড়িবাঁধ কেটে দিয়ে পানি কাটাফাঁড়ি খালে বের হচ্ছে। খালে লোকালয়ের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট পানি কম আছে। এ জন্য দ্রুত লোকালয় থেকে পানি বের হচ্ছে।

পেকুয়া সদরের গোঁয়াখালী এলাকার বাসিন্দা এইচ এম রাশেদুল কবির বলেন, আজ ভোর থেকে গোঁয়াখালী এলাকায় পানি বাড়ছে। তবে স্থানীয় লোকজন বেড়িবাঁধ কেটে দিয়েছেন। বৃষ্টি না হলে রাতের মধ্যে পানি তিন থেকে চার ফুট কমে যাবে।

ইউএনও পূর্বিতা চাকমা নৌকা নিয়ে প্লাবিত এলাকায় গিয়ে শুকনা খাবার, চাল-ডাল ও রান্না করা খাবার বিতরণ করছেন। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য জাফর আলম, জেলা প্রশাসক শাহীন ইমরান, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পেকুয়ার বিভিন্ন এলাকায় ত্রাণ দিয়েছেন এবং বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।

ইউএনও পূর্বিতা চাকমা বলেন, জেলা প্রশাসন থেকে বরাদ্দ পাওয়া ১৫ টন চাল বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও পানিবন্দী হয়ে পড়া লোকজনের মধ্যে বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত পেকুয়ায় সাপের কামড়ে এক ব্যবসায়ী ছাড়া আর কোনো মৃত্যু নেই।