কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র হাতে স্লোগান দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একদল কিশোর–তরুণকে দেশি অস্ত্র হাতে ‘এসবিএস’ নামের একটি গ্যাংয়ের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের ভাষ্য, গতকাল শনিবার ছড়িয়ে পড়া ভিডিওটি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন নগরের টমছম ব্রিজ এলাকার ভাঙা একটি ভবনের ছাদে ধারণ করা হয়। পরে সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। গ্যাংটির সদস্যরাই সেটি নিজেদের অবস্থান জানান দিতে প্রচার করে।
এ সম্পর্কে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের থানায় কিশোর গ্যাং বা কিশোর অপরাধের পূর্বের মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।'
ভিডিওতে বেশ কয়েকজন কিশোর–তরুণকে রামদা, চাপাতি, ছেনিসহ বিভিন্ন দেশি অস্ত্র হাতে স্লোগান দিতে দেখা যায়। তাঁদের কয়েকজনের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।
ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘ওই উনাইসারে কোনো ট্রেন্ড আছে রে?’ অন্যরা সমস্বরে জবাব দেন, ‘আছে।’ এরপর বলা হয়, ‘ওই সেই ট্রেন্ড, এসবিএস।’ পরে সবাই মিলে ‘জোরে বলো এসবিএস, এসবিএস, এসবিএস’ বলে স্লোগান দেন।
আজ রোববার দুপুরে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানার একটি দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ‘এসবিএস’ গ্রুপের তিন সদস্য ও ‘সিটিজি’ গ্রুপের একজনসহ মোট চারজনকে আটক করা হয়েছে। তাঁদের সদর দক্ষিণ থানার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা গত শুক্রবার ভিডিওটি তৈরি করেন। মূলত নিজেদের অবস্থান ও গ্যাংয়ের অস্তিত্ব জানান দিতেই ভিডিওটি প্রকাশ করেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের একজন মো. শাওন (১৯)। তাঁর বাবার নাম দেলোয়ার হোসেন। তাঁদের স্থায়ী বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামে। বর্তমানে তিনি কুমিল্লা নগরের ২০ নম্বর ওয়ার্ডের উনাইসার এলাকায় তোফাজ্জল নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকেন। শাওন ‘এসবিএস’ গ্যাংয়ের সদস্য হওয়ার পাশাপাশি ‘সিটিজি’ নামের একটি গ্রুপের অ্যাডমিন।
গ্রেপ্তার অন্য তিনজনের প্রত্যেকের বয়স ১৭ বছর। তাদের একজন কুমিল্লার লালমাই উপজেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি হবিগঞ্জে এবং তৃতীয়জন নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। তারা তিনজনই বর্তমানে কুমিল্লা নগরের উনাইসার এলাকায় ভাড়া বাসায় থাকে। পুলিশের তথ্য অনুযায়ী, তারা ‘এসবিএস’ গ্যাংয়ের অন্যতম ও সক্রিয় সদস্য।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কুমিল্লায় কিশোর গ্যাংকে আর মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। নতুন করে আলোচনায় আসা ‘এসবিএস’ গ্যাংয়ের চার সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁদের দেখা গেছে। গ্যাংটির অন্য সদস্যদেরও দ্রুত আটকের চেষ্টা চলছে। কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।