
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও একজন পোলিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার নলডুগি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমানি ও পোলিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এম এ ওসমানি দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মো. ইকবাল হোসেন গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের পাশের এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাঁদের ঘেরাও করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা কেন্দ্রের পাশে একটি বাড়িতে গিয়েছিলেন। স্থানীয় লোকজন তাঁদের ঘেরাও করে রাখেন। পরে প্রশাসনের নির্দেশে তাঁদের চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।