আওয়ামী লীগ নেতা হত্যা মামলার ৯ বছর পর আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতা ইউছুফ আলী হত্যা মামলার ৯ বছর পর পলাতক আসামি আবদুর রহমান বাবুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছ্যানী ইউনিয়নের দুর্লবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাঁকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব‌।

গ্রেপ্তার আবদুর রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মো. ইউছুফ আলী ওরফে নিশাত সেলিম হত্যা মামলার আসামি।

র‍্যাব ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত মো. ইউছুফ আলী লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি নোয়াখালীতে বসবাস ও ব্যবসা করতেন। তিনি নোয়াখালী আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি ছিলেন। ২০১৪ সালের ২৭ জুলাই রাতে ইউছুফ আলী জাকাতের কাপড় বিতরণ শেষে তিতারকান্দি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নোয়াখালীর মাইজদীর বাসায় যাচ্ছিলেন। পথে নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মহতাপুর এলাকায় এলে দুর্বৃত্তরা তাঁর গলা কেটে ফেলে পালিয়ে যায়। পরে তাঁর গোঙানির শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এ ঘটনায় নিহত মো. ইউছুফ আলীর স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে ২৭ জনকে আসামি করে সুধারাম থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব-১১–এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ওই হত্যা মামলায় তদন্ত শেষে পুলিশ ৪৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। বাবুল গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। কিন্তু ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।