
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের সদর উপজেলার সতেরশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। তাঁর পরনে লুঙ্গি ও শার্ট ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি আজ রোববার সকাল পৌনে ছয়টার দিকে নেত্রকোনা সদরের সতেরশ্রী এলাকা অতিক্রম করে। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ওই স্থানের রেললাইনে এক ব্যক্তির কাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বেলা দুইটার দিকে বলেন, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি রেলপথ দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।