‘বিএনপির প্রতিটি সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে সরকারকে বিদায় জানাচ্ছে’

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে জেলা ও মহানগর যুবদলের প্রস্তুতি সভায় অতিথিরা। মঙ্গলবার সন্ধ্যায় নগরের ভাতালি এলাকার মহানগর বিএনপির অস্থায়ী কর্যালয়ে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ সরকার নির্লজ্জের মতো ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘জনগণের ন্যায্য দাবি আদায়ে বিএনপি প্রতিটি বিভাগে সমাবেশ করছে। প্রতিটি সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে এই সরকারকে বিদায় জানাচ্ছে।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরের ভাতালি এলাকার মহানগর বিএনপির অস্থায়ী কর্যালয়ে আয়োজিত এক সভায় আবদুল মুক্তাদির এসব কথা বলেন। আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে জেলা ও মহানগর যুবদল এই প্রস্তুতি সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবদুল মুক্তাদির আরও বলেন, দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সরকারি দলের সীমাহীন লুটপাটের ফলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বারবার বাড়ানো হচ্ছে। জনগণের প্রতিবাদ কর্মসূচিতে নির্বিচার গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। সরকারের সময় আর বেশি বাকি নেই উল্লেখ করে তিনি বলেন, সব অপকর্মের বিচার দেশের মাটিতেই হবে।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ এবং জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, বিএনপি জনগণের নায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। এই আন্দোলন জনগণের আন্দোলন, এই আন্দোলন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন, এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন।

দেশের সাধারণ মানুষ চলমান আন্দোলনে একাত্মতা পোষণ করছেন দাবি করে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় বিএনপির সমাবেশে জনসমাগম দেখে আওয়ামী লীগ পাগল হয়ে গেছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।