সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে না সরকার: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের পক্ষে সরকার কোনো বাধা দেবে না। শুধু বিএনপি নয়, আওয়ামী লীগসহ সবাই সুষ্ঠু নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সকল দলের।’

শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, ‘সরকার আইনের আওতায় থেকে নির্বাচন করবে। আমরা চাই, সুষ্ঠু একটা নির্বাচন হোক। কারণ, আমরা জানি, জনগণের আস্থা আওয়ামী লীগ সরকারের ওপর আছে। আর সেটা নির্বাচনেই প্রমাণ হবে।’

সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জাতীয় গ্রিডের বিপর্যয় একটা দুর্ঘটনা ছিল। বিদ্যুতের যে সমস্যা দেখা দিয়েছিল, সেটা এখন আর নেই। আমাদের ভালো জিনিস দেখা দরকার। সব সময় মন্দ খোঁজা ভালো কাজ নয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য পীর ফজলুর রহমান ওরফে মিসবাহ। এতে স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের উপপরিচালক মো. জাকির হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ও মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার হাছনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে তাহিরপুর উপজেলার কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।