
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রতি এক মোটরসাইকেল দুর্ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেলচালক ফেরদৌস মাহমুদের স্নাতকোত্তর পরীক্ষার ফল স্থগিত এবং সমাবর্তনের নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় নিবন্ধনবিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করার সুপারিশও করা হয়েছে।
আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের সভা শেষে প্রথম আলোকে এসব সুপারিশের কথা নিশ্চিত করেন ডিসিপ্লিনারি বোর্ডের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।
২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী (৫১তম ব্যাচ) জাহিদ হাসান। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন গেরুয়া এলাকা থেকে বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে ফিরছিলেন তিনি। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলসংলগ্ন এলাকার সড়কে পৌঁছালে বন্ধুদের দেখতে পেয়ে জাহিদ সড়কের এক পাশ থেকে অন্য পাশে আসার চেষ্টা করেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন জাহিদ। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র ফেরদৌস মাহমুদ।
গত শনিবার প্রথম আলোর শেষের পাতায় ‘ক্যাম্পাসে মোটরসাইকেল আতঙ্ক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, অভিযুক্ত মোটরসাইকেলচালক যেহেতু স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন, তাই তাঁর পরীক্ষার ফলাফল স্থগিত করার সুপারিশ করেছে ডিসিপ্লিনারি বোর্ড। এ ছাড়া ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সমাবর্তনে তিনি যেন অংশগ্রহণ করতে না পারেন, তাই তাঁর রেজিস্ট্রেশনও বাতিলের সুপারিশ করা হয়েছে। ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা এবং বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।
আগামী সিন্ডিকেট সভায় এসব সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন ফিরোজ-উল-হাসান। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে গতিরোধক বসানোর কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আপাতত লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া ক্যাম্পাসে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করার ঘোষণা দেবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এরপরও কোনো শিক্ষার্থী এভাবে মোটরসাইকেল চালালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।