বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল খালে, স্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে চাচা–ভাতিজার মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি। গতকাল দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরু মণ্ডল পাড়ায়
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দে খালের পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার দৌলতদিয়া নুরু মণ্ডল পাড়ায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন স্থানীয় মাছেম মোল্লার ছেলে মো. নুরু মোল্লা (৭৫) ও তাঁর ভাতিজা মো. শামীম মোল্লা (৩২)। শামীম মোল্লার বাবার নাম মো. আনোয়ার মোল্লা।

স্থানীয় লোকজন জানান, নুরু মণ্ডল পাড়া এলাকায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে খালের পানিতে পড়ে ছিল। এতে ওই খালের পুরো পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বুধবার দুপুরে বাড়ির পাশের ওই খালপাড় থেকে পাটকাঠি আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান নুরু মোল্লা। খালে চাচাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে এগিয়ে আসেন শামীম মোল্লা। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, এলাকায় স্তূপ করে রাখা বালু সরানোর জন্য খননযন্ত্র (এক্সকাভেটর) ব্যবহার করা হচ্ছে। এক সপ্তাহ আগে কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে খালপাড়ে পড়ে থাকে। তারের অংশ পানিতে পড়ে থাকায় ঘটনাটি ঘটে। পল্লী বিদ্যুৎ গোয়ালন্দ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইকরামুল হাসান বলেন, বিষয়টি এলাকাবাসীর কেউ জানাননি।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মণ্ডল বলেন, বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সবাই সচেতন থাকলে আজ এমনটি না–ও হতে পারত।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, বেশ কয়েক দিন ধরেই এখানে বিদ্যুতের তার ছিড়ে পড়ে ছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।