ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আবদুল হান্নান। শনিবার দুপুরে
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আবদুল হান্নান। শনিবার দুপুরে

বিএনপি গ্রহণ না করা পর্যন্ত শপথ না নেওয়ার ঘোষণা চাঁদপুরের স্বতন্ত্র সংসদ সদস্যের

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র নির্বাচন করে জয় পাওয়া মো. আবদুল হান্নান ঘোষণা দিয়েছেন, ‘আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ নেব না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি আমার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে।’

আজ শনিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার দুই দিন পর আজ তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় দল–মতনির্বিশেষে তাঁকে নির্বাচিত করায় ফরিদগঞ্জবাসী, স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।

আবদুল হান্নান বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছি এবং আমৃত্যু তাই করে যাব।’ তিনি বলেন, ‘আমি এর আগে দুবার এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছি। কিন্তু আমার মনোনয়ন একটি কুচক্রী মহল ছিনিয়ে নেয়। এবার আমি মনোনয়ন চেয়ে না পাওয়ায় আমার দলের নেতা-কর্মী ও সমর্থক আমাকে নির্বাচন করার জন্য চাপ সৃষ্টি করেন। তাঁদের কারণেই আমি এই নির্বাচনে অংশ নিয়েছি। তবে এবার আমি আমার প্রিয় রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি; বরং ফরিদগঞ্জের একটি জনবিচ্ছিন্ন ও কুচক্রী মহলের বিরুদ্ধে নির্বাচন করেছি, যারা অতীতে আমার দলীয় মনোনয়ন বাতিলে ভূমিকা রেখেছিল।’

আবদুল হান্নান অভিযোগ করে বলেন, নির্বাচনে পরাজিত হয়ে একটি পক্ষ এখন এলাকায় সহিংসতা ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের জানমালের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। একই সঙ্গে তিনি তাঁর নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন।