দুই ট্রাকের সংঘর্ষ, একটির সামনের অংশ কেটে বের করতে হলো চালককে

দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আজ সোমবার সকালে গোদাগাড়ীর রেলগেট এলাকায়
 ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাকের চালক, তাঁর সহকারীসহ ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে একটি ট্রাকের সামনের অংশ কেটে চালককে বের করতে হয়েছে। আজ সোমবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার রেলগেট কসাইপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামা গ্রামের আশরাফুল ইসলাম (৪০), একই গ্রামের আবু বকর (২৫) ও মাজহারুল ইসলাম (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরের মো. কাওসার (২০), মো. ভুট্টু (৩৫) ও রবিউল ইসলাম (২৮)। তাঁদের মধ্যে রবিউল ইসলাম একটি ট্রাকের ভেতরে আটকা ছিলেন।

খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে ট্রাকের সামনের অংশ কেটে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। রবিউলের দুটি পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অন্য পাঁচজনকে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খন্দকার আকবর আলী বলেন, ইটবোঝাই একটি ট্রাক ও সিমেন্টভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ছয়জন আহত হন। আহত ছয়জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।