বিএনপির লোগো
বিএনপির লোগো

ব্রাহ্মণবাড়িয়া-২

রুমিনের পক্ষে কাজ করায় বিএনপির আরও ৩০ নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কারণে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৩০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলাবিরোধী কাজের জন্য তাঁদের বহিষ্কার করা হয়েছে।

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর আজ সোমবার প্রথম আলোকে বলেন, বহিষ্কৃত নেতারা বিএনপি জোটের প্রার্থীর পক্ষে কাজ না করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে যুক্ত ছিলেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে আছেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলি আহাদ, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুফল উদ্দিন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতা আলম মোতাইদ ও মোবরক হোসেন, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ পাঠান, সরাইল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখা বিএনপির সাধারণ সম্পাদক মহব্বত আলী প্রমুখ।

এর আগে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া শাহাজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।