বুড়িমারী স্থলবন্দরে পাথরের শুল্ক বৃদ্ধি, খালাস না করায় ভারতীয় ট্রাকচালকদের বিক্ষোভ

আমদানি করা পাথর খালাস না করায় আটকা পড়া ট্রাকচালকেরা বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। আজ সন্ধ্যায়
ছবি: প্রথম আলো

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা প্রতি টন পাথরে হঠাৎ শুল্ক বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন ভারতীয় ট্রাকচালকেরা। শুল্ক কমানো নিয়ে দেনদরবারের অপেক্ষায় আমদানিকারক ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা ট্রাক থেকে পাথর খালাস করছেন না। এতে শতাধিক ভারতীয় চালক পাথর খালাস করতে না পেরে বুড়িমারী স্থলবন্দরে ট্রাক নিয়ে আটকা পড়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর থেকে কাস্টমস ও স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে ভারতীয় ট্রাকচালকেরা বিক্ষোভ করতে থাকেন। সন্ধ্যা পর্যন্ত এ বিক্ষোভ চলে।

বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারক ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্ট সূত্রে জানা গেছে, ১ আগস্ট থেকে এ স্থলবন্দরে ভারত থেকে আনা পাথরের প্রতি টনে শুল্কায়ন ১ ডলার বৃদ্ধি করেছে স্থলবন্দর (কাস্টমস) কর্তৃপক্ষ। এর আগে প্রতি টনে ১২ ডলার করে শুল্কায়ন করা হতো। এখন ১৩ ডলার করা হয়েছে। এতে পাথর আমদানিতে অন্যান্য কর ও ব্যয় বৃদ্ধি এবং ক্ষতির শঙ্কায় পড়েছেন আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা। এ কারণে গত সপ্তাহ থেকে ভারত থেকে আনা পাথরবাহী ট্রাকচালকদের গাড়ি খালাস করছেন না আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা।

এর আগে প্রতি টনে ১২ ডলার করে শুল্কায়ন করা হতো। এখন ১৩ ডলার করা হয়েছে।

ভারত থেকে আনা পাথরবাহী ট্রাকের চালকেরা বলেন, কোনো কোনো পাথরের ট্রাক নিয়ে তিন থেকে সাত দিন ধরে স্থলবন্দরের মাঠে (ইয়ার্ডে) পড়ে আছেন তাঁরা। প্রচণ্ড রোদ ও গরমে টেকা যাচ্ছে না। থাকা–খাওয়াসহ নানা সমস্যায় বাধ্য হয়ে চালকেরা স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

আজ বিকেলে বুড়িমারী স্থলবন্দরে গিয়ে দেখা গেছে, বন্দরের ভেতরে ইয়ার্ডে ও বাইরের সড়কে ভারতীয় ট্রাকের জটলা। তা ছাড়া স্থলবন্দরের প্রবেশদ্বারে ও স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে ভারতীয় ট্রাকচালকদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। বিষয়টি নিয়ে এখনো সমাধান হয়নি।

আমদানি করা পাথর খালাস না করায় আটকা পড়া ট্রাকচালকেরা বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে আজ দুপুর থেকে বিক্ষোভ করেন। সন্ধ্যা পর্যন্ত এ বিক্ষোভ চলে

এ সময় বিক্ষোভরত ভারতীয় ট্রাকচালক দেব কুমার সোম (৩৫), রবিউল ইসলামসহ (৩৬) পাঁচ ট্রাকচালক বলেন, তাঁরা ছয় দিন ধরে এখানে পড়ে আছেন। এখান থেকে ট্রাকের ব্যাটারি, মুঠোফোন চুরি হয়েছে কয়েকজন চালকের। টাকা শেষে হয়েছে গেছে, থাকা ও খাওয়ার সমস্যা হচ্ছে। সিঅ্যান্ডএফ এজেন্টের লোকজন প্রতিদিন বলছেন, আজ না কাল গাড়ি আনলোড করা হবে। কিন্তু তাঁরা এ কথা বলে আর আনলোড করছেন না। এভাবে কত দিন পড়ে থাকবেন তাঁরা? ট্রাক আনলোড না করে ভারতেও ফেরত যেতে পারছেন না।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমীন বলেন, হঠাৎ শুল্ক বৃদ্ধি করা হয়েছে, কিন্তু পাথরের দাম তো কোথাও বাড়েনি। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। তাই আপাতত তাঁরা পাথর খালাস করছেন না। এ কারণে শত শত পাথরবাহী গাড়ি আটকা পড়েছে।

বুড়িমারী স্থলবন্দরের ডেপুটি কমিশনার আবদুল আলীম স্থলবন্দরে উপস্থিত না থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (আরও) রকিবুল হাসান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় ভারত থেকে আনা রিভার স্টোন প্রতি মেট্রিক টনের শুল্ক ১২ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১৩ মার্কিন ডলার করা হয়েছে। ১ আগস্ট থেকে এটি কার্যকর। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের জানানো হয়েছে। এ–সংক্রান্ত নোটিশও গত ৩১ জুলাই জারি করা হয়েছে।