
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশের ১৪ লাখ এইচএসসি পরীক্ষার্থী তাঁদের প্রস্তুতি শেষ করেছেন শুধু নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। তাই যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চত্বর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য যাঁরা আন্দোলন করছেন, সহপাঠীদের দিকে তাকিয়ে তাঁদের যথাসময়ে পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
বিদেশিরা বিএনপির সঙ্গে আছে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘দেশের জন্য রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের জনগণই তাঁর সঙ্গে আছেন। তবে বিদেশেও আমাদের বন্ধু আছে। আজ যাদের জনগণের ওপর আস্থা নেই। তারাই বিদেশিদের ওপর নির্ভর করে এমন বক্তব্য দিচ্ছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাফিজুর রহমান, তমাল কুমার ভৌমিক, চাঁদপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি রণজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ প্রমুখ।