নৌশ্রমিকদের ধর্মঘট

নওয়াপাড়া নদীবন্দরে আটকে আছে প্রায় ৪০০ জাহাজ

নোঙর করে রাখা এসব জাহাজ শনিবার রাতের আগেই বন্দরে এসেছে। আজ সোমবার সকালে
ছবি: প্রথম আলো

বেতন–ভাতা বাড়ানোসহ ১০ দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন নৌশ্রমিকেরা। ধর্মঘটের কারণে দুই দিন ধরে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানো–নামানোর কাজ বন্ধ আছে। এতে বন্দরে প্রায় ৪০০ জাহাজ আটকা পড়েছে বলে জানিয়েছে নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ।

গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ ধর্মঘটের ডাক দেয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও নওয়াপাড়া নৌযান শ্রমিক ফেডারেশন এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, ভৈরব নদের যশোর সদর উপজেলার আফ্রা অংশ থেকে অভয়নগর উপজেলার মজুদখালী খাল পর্যন্ত নওয়াপাড়া নদীবন্দরের বিস্তৃতি। নদীবন্দর এলাকায় নদের উভয় তীরের মোট দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার। ব্যবসায়ীরা বলছেন, ভারত, ইন্দোনেশিয়া, চীন, জর্ডান, কানাডা, সৌদি আরব, মরক্কো, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা সার, খাদ্যশস্য, কয়লা চট্টগ্রাম ও মোংলা বন্দরে আসে। সেখান থেকে ছোট জাহাজে করে তা নওয়াপাড়ায় আনা হয়। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ পণ্যবোঝাই জাহাজ নওয়াপাড়ায় ভৈরব নদে অবস্থান করে। ছোট জাহাজ থেকে পণ্য খালাসের পর সেগুলো স্থল ও নদীপথে দেশের উত্তর, দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নেওয়া হয়।

আজ সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, নওয়াপাড়া বন্দর এলাকায় ভৈরব নদে সারিবদ্ধভাবে জাহাজগুলো নোঙর করে রাখা হয়েছে। ধর্মঘট শুরুর পর থেকে বন্দরে নতুন করে কোনো জাহাজ ভেড়েনি। নোঙর করে রাখা এসব জাহাজ শনিবার রাতের আগেই বন্দরে এসেছে বলে জানা গেছে। অধিকাংশ জাহাজে সার, গম, কয়লা ও পাথর বোঝাই করা।

জানতে চাইলে নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাসুদ পারভেজ বলেন, নৌশ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরে সব ধরনের পণ্য লোড–আনলোড বন্ধ আছে। বন্দরে আজ সকাল পর্যন্ত প্রায় ৪০০ পণ্যবাহী জাহাজ আটকে আছে।

নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন বলেন, এখন সার ও কয়লার মৌসুম। কিন্তু ধর্মঘটের কারণে নওয়াপাড়া মোকাম স্থবির হয়ে পড়েছে। পণ্য ওঠানো–নামানো একেবারে বন্ধ। এতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। ধর্মঘট দীর্ঘায়িত হলে লোকসানের পরিমাণ আরও বাড়বে।

তবে কেন্দ্রীয় নির্দেশনা মেনেই ধর্মঘট চলছে বলে জানিয়েছেন নওয়াপাড়া নৌযান শ্রমিক ফেডারেশনের সচিব নিয়ামুল হক। তিনি বলেন, নৌযান শ্রমিকদের বেতন–ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

এদিকে দুই দিন ধরে ধর্মঘট চলায় দৈনিক উপার্জন বন্ধ হয়ে গেছে বন্দরের শ্রমিকদের। নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল বলেন, নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে বন্দর এলাকার প্রায় ২০ হাজার হ্যান্ডলিং শ্রমিককে অলস সময় কাটাতে হচ্ছে। সেই সঙ্গে তাঁদের প্রতিদিনের উপার্জনও বন্ধ হয়ে গেছে। শ্রমিক পরিবারগুলোর ওপর এর প্রভাব পড়ছে।