বরযাত্রীবাহী মাইক্রোবাসেও তল্লাশি

বরযাত্রী মাইক্রোবাসে তল্লাশি চালাচ্ছে হাইওয়ে পুলিশ। আজ শুক্রবার দুপুরের দিকে গাজীপুর উপজেলার চন্দ্রা ফায়ার সার্ভিসের পাশে
ছবি: প্রথম আলো

ঢাকায় বিএনপির গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার গাজীপুর মহাসড়কগুলোতে পুলিশি তল্লাশি আরও জোরালো করা হয়েছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। সড়কে যানবাহন ও যাত্রী দুটিই কমেছে। একটু পরপর তল্লাশির মুখে পড়তে হচ্ছে গণপরিবহনকে। বাদ পড়ছে না বরযাত্রী গাড়িও।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে একটি মাইক্রোবাস বরসহ সাত-আটজন যাত্রী নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। আজ দুপুর ১২টার দিকে মাইক্রোবাসটি গাজীপুর উপজেলার চন্দ্রা ফায়ার সার্ভিসের কাছাকাছি পৌঁছালে হাইওয়ে পুলিশ গাড়িটির গতি রোধ করে। গাড়ির সামনে বড় করে শুভবিবাহ লেখা থাকলেও পুলিশ সদস্যরা মাইক্রোবাসটি তল্লাশি করেন। তল্লাশির পর মাইক্রোবাসটিকে ছেড়ে দেওয়া হয়।

মাইক্রোবাসের চালক বলেন, বরযাত্রীদের নিয়ে বের হয়ে গোড়াই এলাকায় এলে গাড়ি একবার তল্লাশি করা হয়। আবার চন্দ্রায় এসেও পুলিশি তল্লাশির মুখে পড়তে হয়।
এ বিষয়ে কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যানবাহন তল্লাশি করে যাচ্ছি। তবে কেউ যাতে অযথা হয়রানির শিকার না হয়, সে দিকেও খেয়াল রাখছি। বরযাত্রী বেসে কোনো দুষ্কৃতকারী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তাই সব যানবাহনে তল্লাশি করা হচ্ছে।’

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অন্য দিনের তুলনায় আজ দূরপাল্লার যানবাহন কম দেখা গেছে। বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এস এস পরিবহনের একটি বাসের চালক আবদুর রশিদ বলেন, ‘বগুড়া থেকে সাত যাত্রী নিয়ে রওনা হই। এরপর সিরাজগঞ্জ মেইন রোড থেকে আরও ১৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হই। সিরাজগঞ্জ থেকে চন্দ্রা পর্যন্ত আসতে ছয় জায়গায় পুলিশ তল্লাশি করেছে। যাত্রীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। যাত্রীরা অযথা হয়রানির ভয়ে অনেকেই বের হচ্ছে না। এ কারণে বাসে যাত্রীর সংখ্যা অনেক কম।’

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা-চৌরাস্তা এলাকায় ড্রিম ল্যান্ড পরিবহনের বাসচালক নুর মোহাম্মদ বলেন, ‘সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। কখন না যেন আমাদের গাড়ি হামলার শিকার হয়। এমন অজানা আতঙ্ক বিরাজ করছে পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে।’ বাসযাত্রী আক্কাছ আলী বলেন, ‘ঢাকায় বিএনপির গন্ডগোলের কথা ভেবে একবার ঢাকা যাত্রা বন্ধ করেছিলাম। কিন্তু পারিবারিক জরুরি প্রয়োজনে আমাকে ঢাকায় যেতেই হচ্ছে। অন্য সময়ের চেয়ে রাস্তায় দূরপাল্লার গাড়ি ও যাত্রীর সংখ্যা খুব কম দেখা গেছে। আমাদের এ বাসে অর্ধেকের কমসংখ্যক যাত্রী নিয়ে চালক ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।’

উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রাতে বসানো হয়েছে দুটি চেকপোস্ট। একটি উপজেলার খাড়াজোরা এলাকায়, অন্যটি নবীনগর রোডে। অপর দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুর এবং টঙ্গীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘রেলস্টেশনগুলোতেও আমাদের চেকপোস্ট রয়েছে। মহাসড়কে পুলিশি টহল বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ ও সাঁজোয়া গাড়ি নিয়েও টহল দেওয়া হচ্ছে। সর্বত্র আমরা সতর্ক অবস্থায় আছি, সর্বত্র সতর্ক দৃষ্টি রয়েছে।’