শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মেয়ে কানিতা তাসনিম জিনিয়ার পক্ষে সম্মাননা নেন মা ডালিয়া নওশীন। পরে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন তিনি। পিরোজপুর উপজেলা অডিটোরিয়াম। ৫ অক্টোবর ২০২৬
শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মেয়ে কানিতা তাসনিম জিনিয়ার পক্ষে সম্মাননা নেন মা ডালিয়া নওশীন। পরে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন তিনি। পিরোজপুর উপজেলা অডিটোরিয়াম। ৫ অক্টোবর ২০২৬

সংবর্ধনা অনুষ্ঠানে এসে মা

‘আমি কি আমার মেয়ের সম্মাননাটি নিতে পারব’

‘মেয়ে আসতে পারেনি, তাই আমি এসেছি। আমি কি আমার মেয়ের সম্মাননাটি নিতে পারব’—কথাগুলো বলছিলেন কানিতা তাসনিম জিনিয়ার মা ডালিয়া নওশীন। মেয়ের সাফল্যে মায়ের কণ্ঠেও উচ্ছ্বাস। আজ সোমবার তিনি এসেছিলেন শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে।

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর স্বাগত বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল হাসীব।

অনুষ্ঠানে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন মেয়ে কানিতা তাসনিম জিনিয়ার পক্ষে সম্মাননা নিতে আসা মা ডালিয়া নওশীন। মেয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির কাজে ঢাকায় আছে। তাই মেয়ের পক্ষে সম্মাননা নিতে নিজেই সংবর্ধনা অনুষ্ঠানে আসেন বলে জানালেন তিনি।

ফটো ফ্রেমে সেলফি তুলছে কয়েকজন শিক্ষার্থী

পরিশ্রম ও ভালো কাজের মধ্য দিয়ে নিজেদের আরও যোগ্য করে তুলতে অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান পিরোজপুর আফতাবউদ্দিন কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঈশ্বর চন্দ্র। মেধা যেন শেষ পর্যন্ত মানুষের কল্যাণে কাজে লাগে, শিক্ষার্থীদের প্রতি সেই প্রত্যাশাও উঠে আসে তাঁর বক্তব্যে।

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মজিবুর রহমান বলেন, পরীক্ষার খাতায় জিপিএ–৫ পাওয়ার আনন্দের পাশাপাশি জীবনের খাতায়ও ভালো ফল করার প্রয়োজন আছে। আর সেই ফলের মাপকাঠি শুধু নম্বর নয়; সততা, বিনয়, নৈতিকতা ও মানবিকতা।

ঝালকাঠিতে প্রথম আলোর প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যাকে ‘না’ বলতে শিক্ষার্থীদের শপথ পড়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রহিমা খাতুন।

খুদে মৃত্তিকা হাওলাদারের নৃত্য সবাইকে মুগ্ধ করেছে

কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাহমুদ হাসান তাসনিম সুবাহ ও অর্ণিতা সরকার। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে—এমন প্রত্যাশা ছিল তাদের কথায়।

অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক আয়োজনও। পিরোজপুর প্রিক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা হাওলাদার নৃত্যে মুগ্ধ করে দর্শকদের। আবৃত্তি করেন সৌরভ ও মৃত্তিকা। পিরোজপুর বন্ধুসভার স্বাক্ষর, সৌরভ, নিপা, তিসমা ও মিরাজও গানে গানে মাতিয়ে রাখেন শিক্ষার্থীদের।