মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এদিকে আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে আরেকটি দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজিগাঁও এলাকার আনিচুর রহমান (৪২), রবি মণ্ডল (৪৪), ধনঞ্জয় মণ্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় সোমবার রাত ২টা ৫৫ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে আজ ভোরে রাস্তা মেরামতের কাজের জন্য মালপত্রসহ কয়েকজন শ্রমিক একটি পিকআপে করে যাচ্ছিলেন। পিকআপটি সকাল পৌনে সাতটার দিকে এক্সপ্রেসওয়ের রেলওভার সেতুর সামনে গিয়ে পৌঁছায়। এ সময় চাকা ফেটে পিকআপটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা পাঁচ শ্রমিক আহত হন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনা দুটির কিছুক্ষণ পরই এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা সফিকুল ইসলাম।