কক্সবাজার সৈকতে পর্যটককে হেনস্তার অভিযোগে ২ আলোকচিত্রী আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতে দুই পর্যটককে হয়রানি ও হেনস্তার অভিযোগে দুই ভ্রাম্যমাণ আলোকচিত্রীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে পৃথক ঘটনায় দুজনকে আটক করা হয়।

আটক আলোকচিত্রীরা হলেন মো. মতিন হাওলাদার (আইডি নম্বর ১০৬) ও মো. গোলাম রাব্বি (আইডি নম্বর ৩১৯)। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, আজ দুপুরে ঢাকার নবাবগঞ্জ থেকে আসা পর্যটক আশিক রানা (১৯) সাগরে গোসল করতে নামেন। এ সময় তাঁর পাশে অবস্থান করছিলেন আলোকচিত্রী মতিন হাওলাদার। তখন মতিন হাওলাদার তাঁর ক্যামেরায় পানি লাগার অভিযোগে আশিক রানার শার্টের কলার ধরে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে পানি থেকে বালুচরে তুলে পাঁচ হাজার টাকা দাবি করেন তিনি। ঘটনাটি দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের নজরে এলে ওই পর্যটককে উদ্ধারের পাশাপাশি মতিনকে আটক করা হয়।

ট্যুরিস্ট পুলিশ জানায়, সুগন্ধা পয়েন্টে আরেক পর্যটককে ৪০টি ছবি তুলে দেওয়ার মৌখিক চুক্তি করেন আলোকচিত্রী গোলাম রাব্বি। পরে তিনি ২০০ ছবি তুলে অতিরিক্ত টাকা দাবি করেন। অভিযোগ পেয়ে রাব্বিকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম আরও বলেন, আটক আলোকচিত্রীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।