
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ২টা থেকে আজ মঙ্গলবার বেলা ২টার মধ্যে উভয় মারা যায়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট তিন শিশুর মৃত্যু হলো।
আজ দুপুরে হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৯৮ শিশু চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৬ জন।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশু ভর্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এ জেলার ৪৭ শিশু এখন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া রাজশাহীর ২৬, নওগাঁর ৪, কুষ্টিয়ার ১২, নাটোরের ৪, পাবনার ৪ ও মেহেরপুরের একজন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি আছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এই হাসপাতালের শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এতে এ পর্যন্ত মোট ৩৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ হিসেবে শিশুদের শরীরে র্যাস, জ্বর, শ্বাসকষ্ট ও চোখের ইনফেকশন দেখা যাচ্ছে। যাদের শ্বাসকষ্ট বেশি, তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে।
হামে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশের বয়স ৬ মাসের নিচে জানিয়ে শংকর কুমার বিশ্বাস বলেন, বিষয়টি উদ্বেগজনক। কারণ, শিশুদের টিকা দেওয়া হয় ৯ মাস বয়সে। এ অবস্থায় সরকার ৬ মাসেই হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শংকর কুমারের ভাষ্য, ‘হাম যাতে ছড়িয়ে না পড়ে, এ জন্য আমরা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও আইসোলেশন কর্নার চালু করেছি। হাম থেকে জটিলতা বাড়লে আইসিইউ লাগতে পারে। এ জন্য জনবলসহ যা যা প্রয়োজন, তা পেতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’