
কোথাও বাসে, কোথাও রেললাইনে, আবার কোথাও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে থানায়। পুড়িয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্যের বাড়িও। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত গোপালগঞ্জসহ দেশের ১৫ জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের সহকারী নিহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় হত্যা করা হয়েছে কৃষক দলের এক নেতাকে। এ ছাড়া বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
নাশকতার ঘটনা ঘটেছে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল ও দিনাজপুরে। নাশকতার চেষ্টা চালানো হয়েছে দুই জেলায়।
টুঙ্গিপাড়া থানায় আগুন এবং সেখানে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ ছাড়া নাশকতার বিভিন্ন ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীরা জড়িত বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জে তিনটি বাস আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এর মধ্যে রূপগঞ্জে একটি বাস ডিপোর সামনে পার্ক করে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর গতকাল রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে মহাসড়কের পাশে পার্ক করে রাতে একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়।
আজ ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আবদুর রশিদ মার্কেট এলাকায় মেঘলা ট্রান্সপোর্টের বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন মুখোশধারী ব্যক্তি বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, আজ ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আবদুর রশিদ মার্কেট এলাকায় মেঘলা ট্রান্সপোর্টের বাস ডিপোর সামনে দুটি বাস পার্ক করে রাখা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন মুখোশধারী ব্যক্তি এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। বাসের স্টাফ মো. আলম দাবি করেন, আগুনে বাসের সিটসহ সব কিছু পুড়ে গেছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করতে তথ্য সংগ্রহের কাজ চলছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করে রাখা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত বাসটির মালিক ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা লোকমান মামুন। তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের কাজে বাসটি ব্যবহার করা হতো।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করে রাখা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ছাড়া ভোর পাঁচটার দিকে নারায়ণগঞ্জ শহরের চানমারী এলাকায় মাজারের কাছে পার্ক করে রাখা দুটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা থানার ওসি মাহবুব আলম।
আজ ভোর চারটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালকের এক সহকারী নিহত হন।
রংপুর নগরীতে একটি ক্যাডেট কোচিং সেন্টারের সামনে পার্ক করে রাখা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। আজ ভোর চারটার দিকে নগরীর পর্যটন মোটেলের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।
বাসচালক আখতার হোসেন বলেন, ১৪ নভেম্বর শিল্পকলা একাডেমিতে একটি ক্যাডেট কোচিংয়ের অনুষ্ঠান ছিল। শিক্ষার্থীদের সেখানে নামিয়ে বাসটি কোচিং সেন্টারের সামনে পার্ক করে রাখা হয়। ভোররাতে কে বা কারা বাসে আগুন দেয়।
এ ঘটনায় কোনো মামলা হয়নি জানিয়ে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুবৃর্ত্তরা।
বুধবার রাত সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে এই দুটি ঘটনা ঘটে। একই সময়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর দুটি স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী থানার ওসি মো. তারিক হাসান রাসেল। তিনি বলেন, ইউএনও নিয়ে তিনি ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন। মহাসড়কে যানবাহনের নিরাপত্তা রক্ষায় পুলিশের কয়েকটি টহল দল নামানো হয়েছে।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী (হেলপার) দগ্ধ হয়ে মারা গেছেন। তাঁর নাম সিয়াম (২৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।
ভান্ডারিয়া থানার পুলিশ জানায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে আজ ভোর চারটার দিকে বাহক পরিবহন ও লিসা পরিবহন নামের দুটি বাসে ভোরে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক পরিবহনের বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল রাত সোয়া নয়টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্লা (৩৪) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে হামিরদী বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
রাত নয়টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের মিছিল বের করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সোয়া নয়টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে রাজু মোল্লার ওপর হামলা করে আওয়ামী লীগের নেতা–কর্মীরা পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় গতকাল রাতে কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে বারহাট্টার অতিথপুর রেলস্টেশনেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন দেওয়ার দৃশ্যের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।
ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন প্যান্ট পরা এক যুবক। আগুন জ্বালানোর পরপরই দ্রুত সেখান থেকে চলে যান তিনি। অপর একটি ৪১ সেকেন্ডের ভিডিওতে অতিথপুর রেলস্টেশনে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। দুটি স্থানের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, অতিথপুর স্টেশন এক যুগের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা ওই স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি রেললাইনে চটের বস্তায় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
নারায়ণগঞ্জের ফতুল্লায়ও আজ ভোরে একটি ট্রেনের কোচে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে আগুন নেভানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোর সাড়ে চারটায় ঢাকা থেকে আসা কমিউটার ট্রেন–১ আবার নারায়ণগঞ্জ স্টেশন থেকে ভোর ৫টা ২০ মিনিটে ঢাকায় ফিরছিল। ফেরার সময় চাষাঢ়ায় চলন্ত ট্রেনটির একটি কোচে আগুন দেয় কয়েকজন টোকাই। ট্রেনের লোকজনই আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কার্যালয়ের ভেতরের নথিপত্র বা সম্পদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, কালো মাস্ক পরা এক যুবক ব্যাংকের নিরাপত্তাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। প্রথমে মূল ফটকের পাশে কিছু শুকনা গাছের পাতা ও কাটের টুকরায় আগুন ধরান। এরপর তিনি ভবনের ওপরের অংশে থাকা ব্যাংকের একটি ব্যানারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান।
খবর পেয়ে আজ সকালে নবীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন প্রথম আলোকে জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
বরিশাল নগরের দুটি স্থানে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের চারতলা ভবনের নিচতলার বারান্দায় এবং বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে আগুন ধরিয়ে দেয় তারা। দুটি ঘটনাতেই আশপাশের লোকজন টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক শফিউল আজম বলেন, ভবনটির নিচতলায় ব্যাংকের এরিয়া অফিস, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল অফিস এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়। আগুনে ভবন বা ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের।
ঘটনার পর পুলিশ দুটি স্থানই পরিদর্শন করেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম পথম আলোকে বলেন, ঘটনাস্থল দুটির আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ সকাল ছয়টার দিকে ছাত্রলীগের কর্মী ও নবীন লীগের তারাকান্দা উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান (হৃদয়) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেন।
ভিডিওর ক্যাপশনে মাহমুদুল হাসান লিখেছেন, ‘তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।’
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিন ব্যক্তি একটি বোতল থেকে দাহ্য পদার্থ ছিটিয়ে বাঁশের লাঠিতে আগুন ধরাচ্ছেন। এরপর তাঁরা ব্যাংকের কলাপসিবল গেট ও বারান্দায় আগুন দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।
তবে পুলিশ বলছে, ভিডিওতে দেখানো আগুনের ঘটনাটি গ্রামীণ ব্যাংকের ওই শাখার কি না, তা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে মনে করছে না পুলিশ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে এটি নাশকতার ঘটনা বলে মনে হচ্ছে না।
তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলতলী বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা উসমান গণি তালুকদারের একটি ভাড়া বাড়িতে গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যক্রম পরিচালিত হয়। শাখার ব্যবস্থাপক মো. জয়কুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুনে কলাপসিবল গেট ও গ্রিলে আগুনের কালচে দাগ পড়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
এদিকে রাজশাহী নগরের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে নগরের বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, আঞ্চলিক অডিট কার্যালয় এবং বিভাগীয় প্রধান কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ভবনটিতে একসঙ্গে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয় রয়েছে। তবে পেট্রলবোমায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত দুই যুবক এসে গ্রামীণ ব্যাংকের কার্যালয়গুলো লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারছেন। এ সময় সেখানে থাকা অন্তত আরও দুজন ভিডিও করছেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। পরপর তিনটি পেট্রলবোমা ছুড়ে মারলে অফিসের বারান্দায় আগুন ধরে যায়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যায়।
শাহমখদুম থানার ওসি আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তাই কোনো মামলাও হয়নি। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি জিডি করে রাখা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত তিনটার দিকে গ্রামীণ ব্যাংক বাসাইল উপজেলা শাখায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বাবুল মিয়া বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুন পানি ও বালু দিয়ে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরনের ক্ষতি হয়নি। দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাসাইল থানায় একটি জিডি করা হয়েছে।
খবর পেয়ে বাসাইল থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
দিনাজপুরের পার্বতীপুরে ভবের বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা অফিসের বারান্দায় পেট্রল ও মোবিলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন তিনি। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান। পরে নৈশপ্রহরীর সহযোগিতায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পার্বতীপুর মডেল থানার ওসি আবদুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এদিকে চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত নিভিয়ে ফেলার কারণে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলা পরিষদের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
ওই শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী প্রথম আলোকে বলেন, এরপর সবার চেষ্টায় ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই লাগুন লাগিয়ে দেওয়া ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
সাতকানিয়া থানার ওসি আবদুল আলীম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টির পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে গেছে। আজ ভোররাতে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলের ১ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরের পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়নি। সকালে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকায় গতকাল রাত ১১টার দিকে মন্ত্রীর বাড়ির সামনে দুর্বৃত্তরা দু–তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আজ ভোরে দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে যুব মহিলা লীগের নেত্রী নিগার সুলতানাকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ফকরুল ইসলাম বলেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে নিগার সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বড় আকারের রেইনট্রিগাছ কেটে মহাসড়কের দিকে হেলে রাখা হয়েছিল। সামান্য ধাক্কা লাগলেই গাছটি মহাসড়কে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল।
আজ সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস, থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন গাছটি অপসারণ করেন। এ সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ঘটনাটি ঘটেছে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লাটিমি বাঁশতলা এলাকার লাটিমি রাস্তার মাথায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মহাসড়কের পাশের বড় গাছটির গোড়ার বেশির ভাগ অংশ কাটা দেখতে পান তাঁরা। গাছটি মহাসড়কের দিকে বিপজ্জনকভাবে হেলে ছিল। যেকোনো সময় সেটি সড়কের ওপর পড়ে যেতে পারত। বিষয়টি বুঝতে পেরে তাঁরা দ্রুত থানা-পুলিশকে খবর দেন। বিষয়টি তাঁদের কাছে বড় ধরনের নাশকতার পরিকল্পনা মনে হয়েছে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা বেলা ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে যান। গাছটির বেশির ভাগ অংশ কেটে রাখা হয়েছিল। ফলে সেটি যেকোনো সময় যানবাহনের ওপর পড়ে যেতে পারত। তাঁরা গাছটি কেটে মহাসড়ক পরিষ্কার করেন। দুপুর ১টা ৫২ মিনিটে তাঁদের কাজ শেষ হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন প্রথম আলোকে বলেন, গাছটি কে বা কারা কেটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামের দুটি স্থানে ছয়টি ককটেলসদৃশ বস্তু ফেলে রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বস্তুগুলোর সঙ্গে পাওয়া গেছে ‘জয় বাংলা’ লেখা চিরকুট। পরপর দুটি স্থানে এসব বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, এলাকায় নাশকতা ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছে।
গতকাল রাত ১১টার দিকে তেঁতুলবাড়িয়া গ্রামের হযরত আলীর মার্কেটের সামনে থেকে তিনটি এবং আজ ভোরে একই গ্রামের বোলতলা সেতুর ওপর থেকে আরও তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ প্রথম আলোকে বলেন, সড়কে ককটেল ফেলে রাখা, টুঙ্গিপাড়ায় থানায় অগ্নিসংযোগ, পুলিশ বক্সে আগুন দেওয়া, বাস পুড়িয়ে দেওয়ার মতো সহিংসতা করে কোনো ফ্যাসিস্ট দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে—এমন ভাবা একেবারেই বোকামি।
গাংনী থানার ওসি মোহাদ্দেস মোর্শেদ চৌধুরী বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জ, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও টাঙ্গাইল; প্রতিনিধি, নারায়ণগঞ্জ, পিরোজপুর, নেত্রকোনা, কেরানীগঞ্জ, কুমিল্লা, মেহেরপুর, নীলফামারীর সৈয়দপুর এবং সংবাদদাতা, রংপুর]