পিটিয়ে হত্যা
পিটিয়ে হত্যা

খুলনা নগরে ছেলেধরা সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

খুলনা নগরের রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন তাঁকে আটক করে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রাজুর বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজু নগরের আড়ংঘাটা থানা এলাকার রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশ থেকে একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এতে আশপাশের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন রাজুকে আটক করেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁকে ছেলেধরা সন্দেহে মারধর করা হয়। পরে আশপাশের আরও লোকজন সেখানে জড়ো হয়ে তাঁকে পিটুনি দেন।

৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, রাজুর সঙ্গে থাকা শিশুটি তাঁর পরিচিত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় লোকজনের অনেকেই ঘটনাস্থল থেকে সরে যান। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।