কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল পথচারীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে দুটি বাসের যাত্রী ওঠানোর প্রতিযোগিতার সময় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কমান্ডার ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক বাসচালক কালাম মিয়া (৪০) ও বাসটিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম শহীদ মিয়া (৪৫)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্ব পাড়া কামারবাড়ি এলাকার বাসিন্দা শারাফত মিয়ার ছেলে। ঘটনার সময় শহীদ মিয়ার স্ত্রী সঙ্গে ছিলেন। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী লেগুনাচালক আফজাল মিয়া বলেন, এক পুরুষ ও নারী রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় যাত্রী তোলার প্রতিযোগিতা শুরু করে নবকলি পরিবহনের দুটি বাস। এ সময় একটি বাসের চাপায় ওই ব্যক্তি মাথায় আঘাত পেয়ে সড়কে বসে পড়েন। তখন বাস থামানোর জন্য চাপা পড়া ব্যক্তি ও পেছন থেকে ওই নারী চিৎকার করছিলেন। কিন্তু বাসচালক সেটি তোয়াক্কা না করে ওই ব্যক্তির দুই পায়ের ওপর দিয়ে বাসের চাকা উঠিয়ে দেন। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।

নিজেদের বাসের চাপায় পড়ে পথচারীর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন নবকলি পরিবহন কোম্পানির পরিচালক মো. জালালউদ্দিন। তিনি বলেন, কার আগে কে যাত্রী তুলবেন, নবকলি কোম্পানির দুটি যাত্রীবাহী বাসের প্রতিযোগিতার কারণে ঘটনাটি ঘটেছে। চালকের গাফিলতির কারণে ওই পথচারীর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে আলাপ–আলোচনা করা হবে।

নিহত ব্যক্তির শ্যালক বাবু মিয়া বলেন, ‘বাসচালকদের গাফিলতিতে বাসের প্রতিযোগিতার কারণে আমার ভগ্নিপতির মর্মান্তিক মৃত্যু হলো। সড়কে শৃঙ্খলা না থাকায় বেপরোয়া বাসচালক এ ঘটনা ঘটিয়েছে। স্বামীকে হারিয়ে আমার বোনের পাগলপ্রায় অবস্থা। আর কারও ভাগ্যে যেন এমন মৃত্যু না ঘটে।’

ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক পুলিশ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীযূষ রায় বলেন, বাসচাপায় পথচারীর মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালককে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও বাসটিকে থানায় হস্তান্তর করা হয়েছে।