জমির ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে ২৫ বছর আগে চট্টগ্রামের আনোয়ারায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের মামলায় একজনকে মৃত্যুদণ্ডের আদেশ ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এই রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম মনিরুল হক। যাবজ্জীবনপ্রাপ্ত ৮ আসামি হলেন ছাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক ও মো. হাছান।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ এবং ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেন। মামলায় মোট আসামি ছিলেন ১১ জন। কিন্তু বিচার চলাকালীন সময়ে আলী আহম্মদ ও মো. গফুর নামের দুই আসামি মৃত্যুবরণ করায় তাদের মামলা থেকে অব্যাহতি পান।
আদালত সূত্র জানায়, ২০০০ সালের ৭ জুলাই জেলার আনোয়ারায় ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে নুরুল আবছার ও নুর আহম্মদের ওপর আগ্নেয়াস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায় আসামিরা। গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুর আহম্মদকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০০৪ সালের ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. আবু ছায়েদ প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় আসামি মো. রফিক, বাবুল হক ও আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। বাকি পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।