
সুন্দরবনের খুলনা রেঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বন টহল ফাঁড়ির সদস্যরা ১৯টি গুলি, ২০ কেজি হরিণের মাংস ও চামড়াসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন অস্ত্র নিয়ে গহিন বনে পালিয়ে যায়। তাঁদের আটক করার জন্য বন বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম হিরো আকন (২৫)। তিনি বরগুনার তালতলী থানার সকিনা গ্রামের বাসিন্দা। তাঁকে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কয়রা আদালতে সোপর্দ করা হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানায়, ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে নীল কোমল টহল ফাঁড়ি পুটনির দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও গুলিসহ হিরো আকনকে আটক করে। আটক ব্যক্তি পেশাদার হরিণশিকারি বলে নিশ্চিত হওয়া গেছে। নীল কোমল বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তাঁকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।