টেকনাফে কার্গো ট্রলার উধাওয়ের পর উদ্ধার, মালামাল চুরির অভিযোগে ধর্মঘট

টেকনাফ স্থলবন্দর
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের জেটি থেকে উধাও মালবাহী একটি কার্গো ট্রলার উদ্ধার করা হয়েছে। ওই কার্গো ট্রলার থেকে শতাধিক বস্তা সুপারি ও অন্যান্য পণ্য চুরির অভিযোগে বন্দরে কর্মরত সিঅ্যান্ডএফ এজেন্টরা ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘটের প্রথম দিন আজ রোববার সকাল থেকে মিয়ানমারে আসা কোনো পণ্যবাহী কার্গো ট্রলার থেকে মাল খালাস হয়নি।

এ পরিস্থিতিতে আজ বিকেলে স্থলবন্দরের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বৈঠকে বসেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। বৈঠক শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, স্থলবন্দর ব্যবহারকারীসহ সব পক্ষকে নিয়ে সভা হয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের নির্দেশে বিষয়টি সুরাহা করার চেষ্টা চলছে। শিগগিরই বন্দরের অবস্থা স্বাভাবিক হবে।

বৈঠকে উপস্থিত টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বদি বলেন, বন্দরের জেটি থেকে মালসহ কার্গো ট্রলার উধাও ও পণ্য চুরির ঘটনা রহস্যজনক। এ ঘটনায় তিনি উচ্চ পর্যায়ের তদন্তের জন্য সরকারের কাছে দাবি জানান।

বন্দর পরিচালনা দায়িত্বে রয়েছে ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড। তাঁদের কর্মীরা জানিয়েছেন, আজ বিকেল পর্যন্ত বন্দরে মিয়ানমার থেকে আসা ৩৫টি কার্গো ট্রলার মালামাল খালাসের অপেক্ষায় রয়েছে। এসব ট্রলারে কোটি কোটি টাকার হিমায়িত মাছ, আদাসহ পচনশীল পণ্য রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে মিয়ানমার থেকে সাত শ বস্তা সুপারি ও অন্যান্য মাল নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসে কার্গো জাহাজটি। স্থানীয় ব্যবসায়ী সাদ্দাম হোসেন, মোহাম্মদ ফারুক ও শওকত আলী চৌধুরী নামের তিন ব্যবসায়ী এ মালামাল আমদানি করেন। গত বৃহস্পতিবার দুপুরে মালসহ ট্রলারটি বন্দরে ওয়্যারহাউসে (মাল মজুত রাখার গুদাম) তালিকাভুক্ত করা হয়। রাতেই মালসহ বন্দরের জেটি থেকে ট্রলারটি উধাও হয়ে যায়। শুক্রবার নাফ নদী থেকে ৫৭৪ বস্তা সুপারি ও ৮০ প্যাকেট কফিসহ ট্রলারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে পণ্যসহ ট্রলারটি টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়।

ওই কার্গো জাহাজে পণ্য আমদানিকারী সাদ্দাম হোসেন ও শওকত আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘স্থলবন্দর কর্তৃপক্ষের অবহেলায় কার্গো ট্রলার উধাও হয়েছিল। সেটি উদ্ধার হলেও শতাধিক বস্তা শুকনা সুপারি ও অন্যান্য মালামাল চুরি  হয়েছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’

এ বিষয়ে কথা বলতে টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক সৈয়দ আনসার মো. কাওসার বলেন, সিঅ্যান্ডএফ এজেন্টদের ধর্মঘট প্রত্যাহারে প্রশাসনসহ সব পক্ষকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থলবন্দরের কাস্টমস শুল্ক বিভাগের কর্মকর্তা লুৎফুল হক প্রথম আলোকে বলেন, আজ সিঅ্যান্ডএফ এজেন্টের ধর্মঘট পালন করায় মালামাল ওঠানামা হয়নি। এতে করে চার কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

ব্যবসায়ীরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে বন্দরের ওয়্যারহাউসের রেজিস্টার্ড খাতায় ওই কার্গো জাহাজের ৭০০ বস্তা সুপারি ও অন্যান্য পণ্যসহ নোঙরের তথ্য লিপিবদ্ধ করা হয়। সেদিন রাতে কার্গো ট্রলারটি উধাও হয়ে যায়। পরে বিজিবি নাফ নদী থেকে ট্রলারটি উদ্ধার করে। তবে ওই রাতেই ট্রলার থেকে শতাধিক বস্তা শুকনা সুপারি চুরি হয় বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।

আজ টেকনাফ স্থলবন্দরে গিয়ে দেখা গেছে, বন্দরে তেমন কোনো যানবাহন নেই। জেটিগুলো খালি পড়ে আছে। নোঙরে রয়েছে পণ্যভর্তি একাধিক কার্গো ট্রলার। নেই কোনো শ্রমিকও।

হিমায়িত মাছ আমদানিকারক কায়সার জুয়েল প্রথম আলোকে বলেন, ‘আজ সারা দিন মালামাল ওঠানামা বন্ধ থাকায় দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহ করা সম্ভব হয়নি। এতে করে আমাদের লাখ লাখ টাকা লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে।’

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর প্রথম আলোকে বলেন, সকাল থেকে কোনো পণ্য ওঠানামা হয়নি। গত বৃহস্পতিবার পণ্যসহ ট্রলার উধাও হয়ে গেলেও বন্দর কর্তৃপক্ষ সেটি উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফ থানায় সাধারণ ডায়েরিও করেনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থলবন্দরের শ্রমিকনেতা বলেন, বর্তমানে স্থলবন্দরের জেটিতে বেশ কয়েকটি কার্গো ট্রলার মালামালসহ নোঙরে রয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্টরা আজ সারা দিন কাজ বন্ধ করায় বিপাকে পড়েছেন সাধারণ শ্রমিকেরা। মাল ওঠানামা না হলে অনেকের ঘরে চুলা জ্বলবে না।