আবদুল জলিল
আবদুল জলিল

খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় সংসদ সদস্য প্রার্থী জলিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে জাকের পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মাছ বিক্রেতা আবদুল জলিল। তিনি দলের কাছে মনোনয়ন চাননি। এরপরও তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুই উপজেলায় প্রচারণা চালাতে তাঁর অন্তত ১০ লাখ টাকার প্রয়োজন।

এই মুহূর্তে জলিলের হাতে নগদ কোনো টাকা নেই। ব্যাংকে আছে মাত্র দুই হাজার টাকা। তাই তিনি নির্বাচনের ন্যূনতম খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। গত মঙ্গলবার বিকেলে প্রথম আলোর এ প্রতিনিধির কাছে তিনি তাঁর এ দুশ্চিন্তার কথা জানান।

জলিল উপজেলা জাকের পার্টির মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি। তিনি উপজেলার বৈলারপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে। উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, এই আসনের সাতটি রাজনৈতিক দলের সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাইয়ে সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে।

প্রার্থীরা হলেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (কৃষক শ্রমিক জনতা লীগ), অনুপম শাজাহান জয় (আওয়ামী লীগ), রেজাউল করিম (জাতীয় পার্টি), পারুল আক্তার (তৃণমূল-বিএনপি), আবুল হাশেম (বিকল্পধারা বাংলাদেশ), আবদুল জলিল (জাকের পার্টি) ও মোস্তফা কামাল (বাংলাদেশ কংগ্রেস)।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিধিমোতাবেক একজন সংসদ সদস্য পদ প্রার্থী নির্বাচনে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। জলিল নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় বাৎসরিক আয় উল্লেখ করেছেন ২ লাখ ৪০ হাজার। অনুরূপ টাকা ব্যয়ের খাতেও উল্লেখ করেছেন। ফলে তাঁর হাতে কোনো নগদ টাকা নেই। পেশা হিসেবে উল্লেখ করেছেন মাছের ব্যবসা।

কীভাবে নির্বাচনের ব্যয় নির্বাহ করবেন, জানতে চাইলে জলিল প্রথম আলোকে বলেন, আত্মীয়স্বজনের কাছ থেকে দুই লাখ টাকা ধার করব। আমার একটি পুকুর রয়েছে। সেই পুকুরের মাছ বিক্রি করলে ৫০ হাজার টাকা পাওয়া যাবে। এই আড়াই লাখ টাকা দিয়েই নির্বাচন চালাতে হবে। এই অল্প টাকায় নির্বাচন শেষ করা তাঁর জন্য খুবই কষ্টের হবে। এ জন্য তিনি দুশ্চিন্তায় ভুগছেন।

দল থেকে কোনো আর্থিক সহযোগিতা করবে কি না, এমন প্রশ্নের উত্তরে জলিল নেতিবাচক জবাব দেন। জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘অনেকে ৫০ বছর রাজনীতি করেও দলীয় মনোনয়ন পাননি। আমি পেয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই নির্বাচিত হব।’

জলিল আরও বলেন, ‘আমি পড়াশোনা করিনি। শুধু নাম দস্তখত করতে পারি। আমি লোকমুখে শুনেছি, অনেক অশিক্ষিত লোকও জনগণের ভোটে এমপি হয়েছেন। জনগণ ভোট দিলে এমপি হওয়া অসম্ভব কিছু নয়। সব দয়ালের ইচ্ছা। আমি এমপি নির্বাচিত হলে আমি কোনো টাকাপয়সা খাব না। শুধু মানুষের কল্যাণে কাজ করব।’

উপজেলার বৈলারপুর গ্রামের বিএনপির সাবেক নেতা শরিফ পাপ্পু বলেন, ‘প্রায় ৫০ বছর ধরে রাজনীতি করছি, এমপি তো দূরের কথা, ইউনিয়ন পরিষদেও নির্বাচন করা সাহস পাইনি। জলিলের বাবা একজন শ্রমজীবী মানুষ ছিলেন। তাঁর মা মানুষের বাড়িতে কাজ করেছেন সারা জীবন। জলিল মাছ বিক্রি করে সংসার চালান। তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি আমাদের গ্রামের জন্য সৌভাগ্য।’

উপজেলা জাকের পার্টির সভাপতি লুৎফর রহমান বলেন, ‘২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি এ দলের সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপর আর কোনো কমিটি হয়নি। সখীপুরে এখন জাকের পার্টি অনেকটা নিষ্ক্রিয়। দলের প্রার্থী জলিলকে আমি চিনি না। কখনো দেখেছি বলে মনে হয় না। আমি যেহেতু দলে নিষ্ক্রিয়, সেহেতু এ মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না।’