রংপুরে হাসানুল হক ইনু

ভোটের আগে বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়

রংপুরে টাউন হলে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু
 ছবি: প্রথম আলো

জাসদ (ইনু) সভাপতি এবং তথ্য ও সম্প্রচার-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক বলেছেন, বিএনপি এ মুহূর্তে অস্বাভাবিক তালেবানি সরকার কায়েমের চক্রান্ত করছে। ভোটের আগে বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়। তাদের আন্দোলন একটি পরিষ্কার ষড়যন্ত্র। এই অপশক্তি যেন ক্ষমতায় বসতে না পারে, এ জন্য সজাগ থাকতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর টাউন হলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, এ মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণ চারটি বিপদের মুখে রয়েছে। প্রথমত, একাত্তরের পরাজিত শক্তি বিএনপি দেশে আন্দোলনের নামে অস্বাভাবিক সরকার গঠনের পাঁয়তারা করছে। দ্বিতীয়ত, বাজার সিন্ডিকেট কারসাজি করে জনগণের দুর্ভোগ বাড়িয়েছে। তৃতীয়ত, লুটেরা-চাটার দল রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করছে এবং সর্বশেষ গুন্ডাবাজি-ক্ষমতাবাজি দেশকে ঝুঁকির মুখে ফেলেছে। তাই দেশের স্থায়ী শান্তির জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে হবে। সেই সঙ্গে বুলডোজার দিয়ে বাজার সিন্ডিকেটের হোতা, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, ক্ষমতাবাজ ও গুন্ডাতন্ত্রকে ধ্বংস করতে হবে।

বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উপদেষ্টা ও রংপুর জেলা কমিটির সদস্য একরামুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, রংপুর জেলা ও মহানগর জাসদের সাধারণ সম্পাদক কুমারেশ রায় ও ফারুক আহমেদ প্রমুখ। প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য দেন জাসদ রংপুর মহানগর কমিটির সভাপতি সাহিদুল ইসলাম। এ ছাড়া রংপুর বিভাগের আট জেলা থেকে আগত দলের প্রতিনিধিরা বক্তব্য দেন।